আগুনে পোড়া হালিমা মৃত্যুর সঙ্গে লড়ছেন
‘আমাকে বাপের বাড়ি পাঠায় ১০ লাখ টাকা আনার জন্য। টাকা নিয়ে যাইনি বলে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া লাগে। একপর্যায়ে শাশুড়ি গায়ে কেরোসিন ঢেলে দেয়। স্বামী ম্যাচের কাঠি জ্বেলে আগুন ধরিয়ে দেয়। মাটিতে খানিকক্ষণ গড়াগড়ি করে আগুন নেভানোর চেষ্টা করি। তারপর একসময় জ্ঞান হারাই’—এক নিঃশ্বাসে অস্পষ্ট উচ্চারণে কথাগুলো বলে হাঁপিয়ে ওঠেন হালিমা ইয়াছমিন।হালিমা রাজধানীর এলিফ্যান্ট রোডের ঢাকা বার্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ক্লিনিকে গিয়ে দেখা যায়, তাঁর দুই হাত, পা, বুক, মুখের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বাম পাশের স্তন পুরোপুরি গলে শরীরের সঙ্গে লেগে গেছে। প্রতিষ্ঠানের চিকিৎসক সৈয়দ শামসুদ্দিন আহমেদ জানান, হালিমার শরীরের প্রায় ৩৫ শতাংশ গভীরভাবে পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক।আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হালিমার স্বামী হারুন অর রশিদ। টেলিফোনে হারুন প্রথম আলোকে বলেন, ঘটনার দিন ঝগড়া বা মনোমালিন্যের ঘটনা ঘটেনি। হালিমা হঠাৎই উত্তেজিত হয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এ প্রসঙ্গে হালিমা বলেন, ‘কিছু না ঘটলে নিজের শরীরে আগুন লাগাব কেন।’এ মাসের দুই তারিখে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরপার্বতীতে হালিমার শ্বশুরবাড়িতে ঘটনাটি ঘটে। হালিমাকে প্রথমে ফেনীর আল কেমী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এবং আরও পরে ঢাকা বার্ন ক্লিনিকে ভর্তি করা হয়। হালিমার মামা আনিসুজ্জামান অভিযোগ করেন, হালিমা যত দিন কথা বলতে পারেননি, তত দিন স্বামী ও শাশুড়ি সঙ্গেই ছিলেন। কথা বলা শুরু করলে তাঁরা সটকে পড়েন। ঘটনার পর থেকে হালিমা ১৭ জুন পর্যন্ত সংজ্ঞাহীন ছিলেন। জ্ঞান ফিরলে হালিমার কথা শুনে তাঁর মা বেগম রোকেয়া সেলিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় এজাহার করেন। এজাহারে হালিমার স্বামী, শাশুড়ি ও সহায়তাকারী হিসেবে শ্বশুরের নামে অভিযোগ করা হয়েছে।।রোকেয়া সেলিম প্রথম আলোকে বলেন, ‘বিয়ের সময় ছেলে কাজ করে বলে জানায়। পরে জানা যায় ছেলে বেকার ও নেশা করে। ছেলে ব্যবসার কথা বলে বিভিন্ন সময় টাকা নিয়েছে। আরও টাকা দেওয়ার জন্য মেয়েকে চাপ দিতে থাকে।’ এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা দেওয়া হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। হালিমা বলেন, ‘বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী টাকার জন্য নির্যাতন চালাতে থাকে। শ্বশুর নির্যাতন না করলেও নির্যাতনে বাধা দিতেন না। ঘটনার দিনও বাধা দেননি।’ হালিমাকে ঢাকায় আনার আগ পর্যন্ত হালিমার পরিবারকে ঘটনার কথা জানানো হয়নি।ক্লিনিকে হালিমার আগের ছবি ও পোড়ার পরের বীভৎস ছবিগুলো দেখানোর একপর্যায়ে হালিমার নানি কান্নায় ভেঙে পড়েন। তিনিই কোলেপিঠে করে হালিমাকে বড় করেছেন। এ সময় হালিমার মা এবং মামাও কান্না সামলাতে পারেননি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘হত্যার উদ্দেশে দাহ্য পদার্থ দিয়ে পোড়া, যৌতুকের জন্য মারধরের জন্য মামলা করা হয়েছে। আসামিরা বর্তমানে পলাতক। গ্রেপ্তারের চেষ্টা চলছে।’