আগুনে শতাধিক ঘর ও দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের চাঁদমারি বস্তিতে গতকাল বুধবার আগুন লেগে শতাধিক ঘর ও ঝুটের (পরিত্যক্ত কাটা কাপড়) কয়েকটি গুদাম ভস্মীভূত হয়েছে। রাত নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোকনয়ন বাজারে ৩০টি দোকান পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দীন মনি বলেন, রাত পৌনে নয়টার দিকে শহরের চাঁদমারি বস্তিতে আগুন লেগে মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। এ ছাড়া ঝুটের কয়েকটি গুদামও পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। জেলা আদালত ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কাছাকাছি অবস্থিত ওই বস্তিটি সম্পূর্ণ মাদকমুক্ত করে এখানে বস্তির শিশুদের লেখাপড়ার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। অল্পের জন্য আগুন থেকে বিদ্যালয় ঘরটি রক্ষা পেয়েছে।
কাপাসিয়ার টোকনয়ন বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাজারের আবদুল কাদির মিয়ার লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যেই বাজারের ছোট-বড় মিলিয়ে ৩০টি দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে শ্রীপুর, মনোহরদী, পাকুন্দিয়া ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা এসে বেলা পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।