আগুনে শিশুর মৃত্যু, মা-বাবাসহ আহত ৬
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকায় আগুনে পুড়ে তাহা বেগম (৫) নামের এক শিশু মারা গেছে। শিশুটির মা, বাবা, ভাইসহ ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
গতকাল শুক্রবার রাত একটার দিকে নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার বরিশাল বাজার নামক স্থানে কাশেম ভবনের নিচতলার একটি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্ষটিতে আসবাবসামগ্রী বার্নিশ করার কাজ হতো। বার্নিশের কাজে ব্যবহৃত রাসায়নিক স্পিরিট ও তারপিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। নিহত ও আহত ব্যক্তিরা সবাই ওই কক্ষে ছিলেন।
আগুনের ঘটনায় তাহার বাবা বজলু মিয়ার (৪৫) শরীরের ৬৭ শতাংশ, মা রাহেদা বেগমের (৩৫) শরীরের ৩৬ শতাংশ, ভাই রায়হানের (৮) ৪৬ শতাংশ, তাহার মামা মেহেদী হাসানের (২৫) ৫৭ শতাংশ ও তাঁর স্ত্রী শারমিন আক্তারের (১৮) ৫৮ শতাংশ ও মাজেদ মিয়ার (২৫) ৫৫ শতাংশ পুড়ে যায়। মাজেদ মিয়া তাহার বাবা বজলুর সহকারী হিসেবে কাজ করতেন। মেহেদী হাসান ও শারমিনের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা থানায় এবং বাকি পাঁচজনের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শুক্রবার রাতেই চমেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাহা মারা যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন ও কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দী প্রথম আলোকে বলেন, নিহত ও আহত ব্যক্তিরা সবাই ছয়তলাবিশিষ্ট কাশেম ভবনের নিচতলায় থাকতেন। সেখানে বজলু মিয়া, মেহেদী হাসান ও মাজেদ মিয়া আসবাব বার্নিশ করার কাজ করতেন। শুক্রবার রাতেও তাঁরা কাজ করছিলেন। রাত একটার দিকে কাজ করার সময় মশার কয়েল কিংবা সিগারেটের আগুন ছিটকে বার্নিশের জন্য রাখা স্পিরিট বা তারপিনের ওপর পড়তে পারে। এর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
পূর্ণচন্দ্র মুৎসুদ্দী প্রথম আলোকে বলেন, আগুনের খবর পেয়ে নগরের কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। আহত প্রত্যেকের অবস্থা ছিল গুরুতর।
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে কর্মরত চিকিৎসক মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের অবস্থা খুবই গুরুতর। সবারই শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। এ ছাড়া আগুনে তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার সন্ধ্যায় চমেক হাসপাতালের বার্ন বিভাগে গিয়ে দেখা যায়, বিভাগের বিভিন্ন শয্যায় অগ্নিদগ্ধ ব্যক্তিরা ছটফট করছিলেন। তাঁদের কেউই কথা বলার অবস্থায় ছিলেন না। আত্মীয়স্বজন তাঁদের সেবায় ব্যস্ত ছিলেন।