আগুনে শিশুসহ দগ্ধ পাঁচজন
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন আগুনে দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন মো. রিপন (৩৫), তাঁর স্ত্রী মলিতা বেগম (২৫), রিতা (১৫), মনির (১০) ও আব্দুল গণি (৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী মো. শামীমের ভাষ্য, টিলাবাড়ি এলাকায় তাঁরা থাকেন। মো. রিপনের বাড়ির পাশে বিদ্যুতের তার রয়েছে। রাতে সেই তার থেকে বিকট শব্দ পাওয়া যায়। এরপর আগুন ধরে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় রিপনসহ তাঁর পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁদের ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল তাঁদের হাসপাতালে নিয়ে আসার কথা জানিয়েছেন।
হাসপাতালের ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।