আগুনে সর্বস্বান্ত এক কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষক সর্বস্বান্ত হয়েছেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর বাড়ির ১০ ঘরের পুরো মালামাল। ক্ষতিগ্রস্ত এই কৃষকের নাম জালাল হোসেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা দুইটার দিকে কৃষক জালাল হোসেনের দোতালা বাড়ির ওপর তলায় রাখা খড়ে সবার অলক্ষ্যে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ওই বাড়ির ১০ ঘরে। আগুনে বাড়ির একাধিক ঘরে রাখা প্রায় ২০০ মণ ধান, চালসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে গ্রামের লোকজন পাশের নওগাঁ ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে সর্বস্বান্ত হয়ে যায় কৃষক জালাল হোসেনের পরিবার।
সব হারিয়ে বিপর্যস্ত জালাল হোসেন বলেন, কয়েক দিন ধরে কে বা কারা তাঁর বাড়ির বাইরে থাকা খড়ের পালায় আগুন লাগিয়ে আসছিল। কে, কখন তাঁর বাড়ির দোতালায় রাখা খড়ে আগুন লাগিয়ে সটকে পড়েছে, তা তিনি বুঝতে পারছেন না।