আগুনে সহস্রাধিক ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার দিবাগত রাত দুইটার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে (ইনসেটে)। গতকাল সকালে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে পুড়ে গেছে সহস্রাধিক ঘরবাড়ি। গতকাল সকালে ছবিটি তুলেছেন আবদুস সালাম
বুধবার দিবাগত রাত দুইটার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে (ইনসেটে)। গতকাল সকালে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে পুড়ে গেছে সহস্রাধিক ঘরবাড়ি। গতকাল সকালে ছবিটি তুলেছেন আবদুস সালাম

মহাখালীর কড়াইল বস্তিতে বুধবার গভীর রাতে ভয়াবহ আগুনে সহস্রাধিক ঘর পুড়ে গেছে। এতে একজন সামান্য দগ্ধ হলেও কেউ নিহত হননি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আড়াইটার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। গা ঘেঁষে গড়ে ওঠা একের পর এক একতলা ও দোতলা টিনের ছাপরা ঘরে আগুন ধরে যায়। রাতে বাতাস থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। টের পেয়ে বস্তিবাসী মালপত্র রেখে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। বস্তিবাসী আগুন নেভাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগে সহস্রাধিক ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় একজন অটোরিকশার চালক সামান্য দগ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ খুঁজতে ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল মান্নানকে (উন্নয়ন) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস গতকাল প্রথম আলোকে বলেন, বস্তিতে ঢোকার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে পারেনি। পরে লেক দিয়ে নৌকায় করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করেন। আগুনে অনেক ঘর পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বস্তিতে তিন-চারটি কুকুর আটকা পড়ে পুড়ে মারা গেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ বলা যাবে। তবে বস্তির এক প্রান্তে ঝুটপট্টি রয়েছে। ধারণা করা করা হচ্ছে, সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
বস্তিবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দুইটার দিকে মসজিদের পাশের দুটি ঘরে আগুন লাগে। এ সময় মসজিদের মাইক থেকে সবাইকে এ খবর জানানো হয়। শত শত বস্তিবাসী মালপত্র নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। বেশির ভাগ ঘর টিন ও কাঠ দিয়ে তৈরি একতলা ও দোতলা। বস্তির কেউ কেউ বলছেন, সিগারেট থেকে আগুন লাগতে পারে। কেউ বলছেন নাশকতা। আবার অনেকের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে।
গতকাল দুপুরে দেখা যায়, সারা জীবনের সঞ্চয়সহ সহায়-সম্বল হারিয়ে নিম্ন আয়ের শ্রমজীবী লোকজন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিলাপ করছেন। তাঁরা বলছেন, শিশু সন্তান ও পরিবার নিয়ে তাঁরা এখন কোথায় আশ্রয় নেবেন। বস্তির বাসিন্দারা এখন সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। স্ত্রী-সন্তানের রাতযাপন ও মাথা গোঁজার ঠাঁই নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের পুরুষ সদস্যরা।
যেসব ঘরবাড়ি ও দোকান পুড়েছে, তার সব কটিই ইট অথবা টিনের বেড়া দিয়ে তৈরি। আর ঘরের চালা তৈরি টিন দিয়ে। অগ্নিকাণ্ডে ঘর ও দোকানগুলো ছিন্নভিন্ন হয়ে মাটির ওপরে পড়ে আছে। দোকানের পণ্যগুলো পুড়ে ছাই-কয়লায় পরিণত হয়েছে। চাল, ডাল পুড়ে স্তূপ হয়ে আছে। তবু ক্ষতিগ্রস্ত বস্তিবাসী ওই ধ্বংসস্তূপ থেকেই তাদের বিভিন্ন মালামাল খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
কড়াইল বস্তির বৌবাজার এলাকার বড় মসজিদের পাশেই ছিল জিন্নাত আরার বস্তিরঘর। স্বামীহারা এই নারী জানান, বস্তিতে তাঁর একটি মুদি দোকান ছিল। প্রায় তিন লাখ টাকার মালামালও ছিল দোকানে। আগুনে সব পুড়ে গেছে। দোকানটির কারণে তিনি বস্তিতে থাকতেন। দোকান-বাড়ি সবকিছুই পুড়ে গেছে। এখন কীভাবে সংসার চালাবেন সে চিন্তায় তিনি দিশেহারা। রাতে কোথায় থাকবেন সে চিন্তায় ব্যাকুল তিনি। তিনি বলেন, ‘দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোথায় থাকব?’
ক্ষতিগ্রস্ত শেরপুরের রূপালী বেগম বলেন, ‘আমি সাত বছর ধরে কড়াইল বস্তিতে আছি। ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর কিছুই নাই। কোনো রকমে ছেলে আর আমি জীবন নিয়ে ঘর থেকে বের হয়েছি। ঘর থেকে কিছুই বের করতে পারিনি।’
ক্ষতিগ্রস্ত আরেক বাসিন্দা মো. ইসমাইল জানান, তিনি প্রায় আট বছর ধরে দুই সন্তান ও পরিবার নিয়ে কড়াইল বস্তিতে থাকেন। আগের আগুনে তিন থেকে চার শ ঘরবাড়ি পুড়লেও এবার হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। তিনি অভিযোগ করেন, বস্তিতে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। এর পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে। যে কারণে বারবার আগুন লাগলেও এর কোনো বিচার হয় না।
বস্তিবাসীরা বলেন, ২০১৬ সালের মার্চ থেকে এ বছরের ১৬ মার্চ পর্যন্ত এ নিয়ে তিনবার এই বস্তিতে আগুন লাগল। ২০১৬ সালের ১৪ মার্চ এখানে আগুন লাগে। এরপর ৪ ডিসেম্বর আগুন লাগে। প্রায় দেড় শ একর জায়গার ওপর গড়ে উঠেছে কড়াইল বস্তি। এই বিশাল বস্তিতে কয়েক লাখ মানুষ থাকে।