আগুনে ১০টি দোকান ভস্মীভূত
চাঁদপুর ও হাজীগঞ্জে গত শুক্রবার রাতে পৃথক অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে।
স্থানীয় অনেকে জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চাঁদপুর সদর উপজেলার ওয়্যারলেস এলাকায় একটি হার্ডওয়্যারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে কাপড়ের দোকান, হার্ডওয়্যারের দোকান, মুদি দোকান, মনিহারি দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
এদিকে হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের নোয়াপাড়া আড়ং বাজারে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি মুদি দোকান, চায়ের দোকান ও একটি ওষুধের দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে তাঁর প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোট ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামছুল আলম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।