আগুনে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজারে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। একই রাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে আগুনে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।গোয়ালন্দ বাজারের ব্যবসায়ীরা জানান, ওই দিন দিবাগত রাত একটার দিকে গোয়ালন্দ বাজারের আড়তপট্টি এলাকার গোবিন্দ চন্দ্র ঘোষ তাঁর মিষ্টি ও খাবারের দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এর প্রায় আধা ঘণ্টা পর ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে দুটি দোকান পুড়ে যায়। স্থানীয় জনতা ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।গোবিন্দ চন্দ্র ঘোষ বলেন, তিনি রান্নার চুলা ও বিদ্যুতের সুইচ ঠিকভাবে বন্ধ করে দোকান থেকে বের হন। কেউ ষড়যন্ত্রমূলকভাবে আগুন লাগিয়েছে বলে তিনি দাবি করেন। খবর পেয়ে গতকাল সকালে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল চন্দ্র বিশ্বাস ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, এ বিষয়ে তাঁরা খোঁজখবর রাখছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। নওয়াপাড়া বাজারের নৈশপ্রহরী আবদুল গফুর জানান, দিবাগত রাত তিনটার দিকে তিনি নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠসংলগ্ন একটি কাপড়ের দোকানে আগুনের শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন।