আগুনে ২০ পরিবার নিঃস্ব
নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে আগুন লেগে ২০টি পরিবারের ৩৩টি ঘর, আসবাব ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বেলা দুইটার দিকে ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নীলফামারীর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেগেন রায় (৪৫) ছেলে সানু রায়কে (১৫) জড়িয়ে ধরে কাঁদছিলেন। এ সময় বিলাপ করে তিনি বলছিলেন, ‘ওরে বাবা, হামার তো সোগে শ্যাষ হইয়া গেইল।’ খোঁজ নিয়ে জানা গেল, জেগেন রায়ের বসতবাটির চারটি ঘর এবং ঘরে রক্ষিত আসবাব ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
নীলফামারীর দমকল বাহিনীর টিম লিডার ফরহাদ হোসেন বলেন, গ্রামের মানিক চন্দ্র রায়ের রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে ৩৩টি ঘর পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশীদ মুঠোফোনে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গতকাল দুপুরের ও রাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে গতকাল বিকেলে তাৎক্ষণিকভাবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে দুটি করে কম্বল, একটি করে শাড়ি ও লুঙ্গি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ৩০০ টাকা করে বিতরণ করা হয়েছে।