আগুনে ৩০ ঘর ছাই, নিঃস্ব ১৫ পরিবার
‘ভাই! ও ভাই, মোর স্বামী জেলোত আছে। দুইটা ছইল নিয়া মাইনসের বাড়িত কাম করি খাও। মুই অ্যালা কি করিম। কোনটে থাকিম। মোর যে সউগ পুড়ি শ্যাষ হয়া গেল। মোক বাঁচান ভাই।’ বুক চাপড়ে বিলাপ করছিলেন সাজেদা বেগম (১৮)। তাঁর মতো আগুনে সহায়সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে অনেকেই বিলাপ করছিলেন। তীব্র শীতে এখন মাথা গোঁজার ঠাঁই নেই তাঁদের। রংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তরবাওচন্ডি মাস্টারপাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের রেজাউল ইসলামের বাড়ির রান্নাঘরের চুলা থেকে বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে গ্রামের ১৫টি পরিবারের কমপক্ষে ৩০টি টিনশেড পুড়ে যায়। আগুনে কমপক্ষে ২০০ মণ ধান, অর্ধ লক্ষাধিক টাকা, দেড় শতাধিক হাঁস-মুরগি, জামাকাপড় ও আসবাব পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ১১টি পরিবার হতদরিদ্র। আগুনে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।