আগুনে ৪০ দোকান ছাই নাশকতার অভিযোগ
বেড়া বাসস্ট্যান্ডের অদূরে আবদুল খালেক মার্কেট এবং এম এ বাছেদ মার্কেটে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লেগে ৪০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে দোকান মালিকদের দাবি, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে দোকানগুলোতে আগুন লাগিয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে মালামালসহ ছাই হয়ে যায় ৪০টি দোকান। আবদুল খালেক মার্কেটের মালিক ইকবাল হোসেন বলেন, ‘আমাদের মার্কেটে ২৭টি দোকান ছিল। সব কটিই পুড়ে শেষ হয়ে গেছে। মুখোশধারী সাত-আটজন লোক মার্কেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে আমরা খবর পেয়েছি। তারা এখানে আগুন ধরানোর পর কাছের একটি পেট্রলপাম্পে গিয়ে সেখানে রাখা ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করে। অনেকেই তাদেরকে দেখেছে।’এম এ বাছেদ মার্কেটের মালিক আবদুল আল মাহমুদ বলেন, ‘আমাদের মার্কেটে একটি হোটেলসহ ১০টি দোকান পুড়ে গেছে।’ পুড়ে যাওয়া দোকানগুলোর পার্শ্ববর্তী ইউনুছ মাকের্েটর মালিক বাদশা মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি, সব কটি দোকানে আগুন ছড়িয়ে পড়ছে। প্রায় একসঙ্গে এত দোকান জ্বলে ওঠার বিষয়টি রহস্যজনক।’স্থানীয় অনেকেই জানান, দোকানগুলোতে আগুন লাগার পরপরই মুখোশধারী কয়েকজন পার্শ্ববর্তী লিনজা ফিলিং স্টেশনে গিয়ে একটি ট্রাকে আগুন লাগানোর চেষ্টা করে। পাম্পের কর্মচারীরা টের পেলে মুখোশধারীরা পালিয়ে যায়।বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ওই সময় কিছুটা ঝোড়ো হাওয়ার মতো বইছিল, যা আগুন দ্রুত ছড়াতে কাজ করে। প্রাথমিক তদন্তে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লেগেছে।’সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ‘নাশকতা থেকে আগুন লাগার যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা প্রায় নিশ্চিত।’