আগুনে ৫০ ঘর ও ২৯ দোকান পুড়ে ছাই
অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জে একটি তুলার দোকান, চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৮টি দোকান ও পটিয়ায় ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ১৫ জন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় গতকাল সোমবার ভোরে মোশাররফের তুলার গুদামে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মিয়া জানান, গুদামে তখন বিদ্যুত্ সংযোগ ছিল না। সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।সীতাকুণ্ড (চট্টগ্রাম): গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কলেজ রোড এলাকায় অবস্থিত বিশ্বজিত্ ফোমের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে একে একে আরো ২৭টি দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ১৫জন আহত হন। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা দাবি করেছেন, এতে তাদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। পটিয়া (চট্টগ্রাম): উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের পূর্ব চরকানাই গ্রামে আমিন মেম্বারের বাড়িতে গত রোববার দুপুরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে প্রায় ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।