আগুনের আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৫০ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের টেক নগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ইউটা ফ্যাশনে গতকাল শুক্রবার বিকেলে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক হাজার শ্রমিক একসঙ্গে ভবনের দুটি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুড়োহুড়িতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁরা ভিড়ের চাপে সিঁড়িতে পড়ে গেলে সহকর্মীদের পায়ের নিচে পিষ্ট হন। এদের অধিকাংশই নারীশ্রমিক। আহত শ্রমিকদের মধ্যে ৩৬ জনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইউটা ফ্যাশনের এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েক হাজার লোক সেখানে জড়ো হয়। এতে কারখানাসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক লোকজনের চাপে বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকেরা জানান, গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে সাততলাবিশিষ্ট ইউটা ফ্যাশন লিমিটেডের দ্বিতীয় তলায় আগুন লাগার সংকেত (ফায়ার অ্যালার্ম) বেজে ওঠে। এ সময় কারখানায় চার হাজার ২০০ শ্রমিক কাজ করছিলেন। আগুনের সংকেতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কারখানা ভবনের সাতটি তলার প্রতিটি থেকে শ্রমিকেরা একসঙ্গে নেমে আসার চেষ্টা করেন। এ সময় ভবনের দুই পাশের দুই সিঁড়িতে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে নারীশ্রমিকেরা নিচে পড়ে গেলে তাঁদের ওপর দিয়ে অন্যরা বের হওয়ার চেষ্টা করেন। ভিড়ের চাপ কমলে দেখা যায় সিঁড়ি ওপর পড়ে আছে পদপিষ্ট শ্রমিকেরা। কারখানার একাধিক কর্মকর্তা জানান, লোকজনের চাপে আহত শ্রমিকদের হাসপাতালে নেওয়া মুশকিল হয়ে পড়ে। পুলিশ এসে লোকজন সরিয়ে দিলে আহত শ্রমিকদের আশপাশের ক্লিনিক ও গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ ও আশপাশের ফ্লোর আহত নারীশ্রমিকে ভরে গেছে। সেখানে ৩৬ জন রোগীর মধ্যে চার-পাঁচজন তখনো সংজ্ঞাহীন ছিলেন। কারখানার প্রশাসনিক কর্মকর্তা লে. কর্নেল (অব.) আজিজ জানান, আগুনের সংকেত বাজার কারণে শ্রমিকেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু কে কেন আগুনের সংকেত বাজাল, তা শনাক্ত করা সম্ভব হয়নি। কেউ দুষ্টুমি করে অথবা কারও হাতের চাপ লেগে সংকেত বেজে থাকতে পারে। এক প্রশ্নের জবাবে প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘আগুন ও অন্য বিষয় নিয়ে মাসে দুবার শ্রমিক-কর্মচারীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করা হয়। এর পরও কেন এভাবে সবাই বেরোনোর চেষ্টা করল, বুঝতে পারছি না।’