গুলশান-১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটের অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া শুরু করেছে স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটি। মার্কেটের ব্যবসায়ীরা তদন্ত কমিটির কাছেও অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে দাবি করেছেন।
এদিকে অগ্নিকাণ্ডে ধসে পড়া ডিএনসিসি কাঁচা মার্কেট অংশের ধ্বংসস্তূপ সরানোর কাজ প্রায় শেষ। ডিএনসিসি আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ধ্বংসস্তূপ সরানোর কাজ সমাপ্ত ঘোষণা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
২ জানুয়ারি দিবাগত রাতে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। মার্কেটের দুটি অংশ ছিল। আগুনে কাঁচা মার্কেট পুরোপুরি ধসে যায় এবং পাকা মার্কেটের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়। পাকা মার্কেটের ব্যবসায়ীরা ৬ জানুয়ারি থেকে মার্কেট পুনরায় চালু করেছেন।
মার্কেটে আগুন লাগার কারণ অনুসন্ধানে স্থানীয় সরকার বিভাগ ১০ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করে। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটির সদস্যরা গতকাল বুধবার গুলশান-১ নম্বরের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কাম কার পার্কিং ভবনের সম্মেলন কক্ষে অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব হিসেবে আছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহমুদুল আলম। কমিটির অন্য সদস্যরা হলেন ডিএনসিসির সচিব দুলাল কৃষ্ণ সাহা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার এবং ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (অপারেশন) সুভাষ চন্দ্র দেবনাথ।
সাক্ষ্য দেওয়া শেষে কাঁচা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শের মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘মার্কেটের পূর্ব-দক্ষিণ কোনায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই পশ্চিম পাশে চলে আসে। তিনটি আওয়াজ পাইছি, বোমার আওয়াজ কি না আমি জানি না। আওয়াজ হওয়ার সাথে সাথেই চার তলা ভবনটি ভাইঙ্গা নিচে পড়ে।’
শের মোহাম্মদ বলেন, ‘কিছু কিছু দোকানে আগুন লাগে নাই। মার্কেটের যে জায়গাগুলো ওয়্যারিং করতে দেই নাই, সেগুলাতে আগুন লাগে নাই। এগুলো পুড়েও নাই। কয়েক দিন আগেই ইলেকট্রিক লাইন বদলানো হয়েছে। সেই লাইনেই আগুন লাগছে।’ তিনি বলেন, ‘আমার ধারণা এটি নাশকতা। আগেও বলছি, এখন বলতেছি, ভবিষ্যতেও বলব।’
গতকাল তদন্ত কমিটির কাছে গুলশান-১ ডিএনসিসি কাঁচা মার্কেটের ব্যবসায়ী ও নিরাপত্তারক্ষীরা সাক্ষ্য দেন। নিরাপত্তারক্ষী শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাত দেড়টার দিকে মার্কেটের পূর্ব কোনায় প্রথম আগুন দেখা যায়। তবে কীভাবে আগুন লাগে তা তিনি বলতে পারছেন না।
তদন্ত কমিটির প্রধান মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটি গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত মাত্র শুরু হয়েছে। এটি নাশকতা কি না তা তদন্তকাজের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।
ডিএনসিসির পরিবহন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সাবের সুলতান প্রথম আলোকে বলেন, ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ। রডগুলো আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকালের মধ্যে সরিয়ে নেওয়া হবে। ধ্বংসস্তূপ সরানোর কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।