আগুনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সাততলা বস্তিবাসী
চারদিকে পোড়া টিন। পা ফেলতেই কড়মড় করে শব্দ হচ্ছে। এর ওপরেই সামান্য জায়গা পরিষ্কার করে পাতলা পলিথিনের একটা ছাউনি আর নিচে প্লাস্টিকের মাদুর বিছিয়ে শোয়ার আয়োজন করছিলেন সুরমা বেগম ও সবুজ হোসেন দম্পতি। চারটি হাত আর চাকরি ছাড়া অন্য কোনো সম্বল অবশিষ্ট নেই এই দম্পতির। কিন্তু তারপরও হাল ছাড়েননি। গতকাল থেকেই আবার নতুন করে সংসার গোছাতে লেগে পড়েছেন দুজনে।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তি নামে পরিচিত খেটে খাওয়া মানুষের এই আবাসস্থলটির একাংশ গত রোববার রাত একটার দিকে আগুনে পুড়ে যায়। সেই আগুনে পুড়ে গেছে বেশির ভাগ লোকেরই শেষ সম্বল। কারও কারও পরনের কাপড়টুকুও আর অবশিষ্ট নেই। সব হারিয়ে অনেকেই চলে গেছেন আশপাশের আত্মীয়স্বজনের বাড়িতে। কেউ কেউ প্রতিবেশীদের বাড়িতে।
গতকাল সোমবার রাত নয়টার দিকে ওই বস্তিতে গিয়ে দেখা যায় চারদিকে পোড়া গন্ধ, ভেজা মাটি আর ঠান্ডা হাওয়া। পুড়ে যাওয়া অংশটির মাঝামাঝি একটা ১০০ ওয়াটের বাল্ব জ্বলছে। তার নিচেই দুটি বেঞ্চ বসিয়ে আগুনের সময়কার গল্প করছে কিছু কিশোর। একপাশে তাঁবু টানিয়ে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। সেই তাঁবুর দিকে তাকিয়ে অনেকেই বসে আছেন বিনা মূল্যে বিতরণ করা খাবারের অপেক্ষায়। সেই রাত থেকেই অনেকের ঠিকমতো খাওয়া-ঘুম হয়নি।
হাসিনা বেগম ও তাঁর ছেলে মেহেদি হাসান থাকতে না পেরে মহাখালীর একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে এনেছেন। ধ্বংসস্তূপের মধ্যে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খেতে বসেছেন তাঁরা। হাসিনা বলেন, ‘ফ্রি খিচুড়ি কহন দিব তার কুনো ঠিক নাই। মাইনষের ভিড় যহন কমব, তহন হ্যারা আইব খিচুড়ি বিলাইতে। পোলাডা আমার সারা দিন না খাওয়া। খায়া-লয়া রাইতে এইহানেই ঘুমায়া যামু।’
কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা ক্লান্ত নূর আলম বললেন, ‘আর শরীল চলে না ভাই। এহানে আমার ১৫টা ঘর আছিল। সবই গ্যাছে গিয়া। খালি দোতালা ঘরের এই একটা লোহার সিঁড়ি খাড়ায়া আছে।’ নূর আলম জানালেন, দ্রুতই তিনি আবারও ঘর তৈরির কাজ শুরু করবেন।
নূর আলমের পাশেই পলিথিনের ছাউনির নিচে বসে থাকা সুরমা বেগম বলেন, তিনি বাসাবাড়িতে কাজ করেন। তাঁর স্বামী সবুজ আইসিডিডিআরবিতে কাজ করেন। আগুনে নিজেদের আড়াই বছরের ছেলেটাকে কেবল বের করে দৌড় দিয়েছেন। এর বাইরে নিজেদের সব সম্বল পুড়ে গেছে। ঢাকা শহরে যাওয়ার জায়গাও নেই খুব বেশি।
সুরমার সঙ্গে কথা বলার সময়ই খালি গায়ে একটি চাদর পেঁচিয়ে এগিয়ে আসেন রাজমিস্ত্রি আবুল কালাম। তিনি বলেন, খালি গায়ে ঘুমিয়েছিলেন। আগুন আগুন চিৎকার শুনে দৌড়ে ঘর থেকে বের হতে পেরেছেন শুধু। তাঁর পরনের কোনো কাপড়ও নিতে পারেননি। পরে গতকাল একজন একটা চাদর দিয়েছেন, তাই গায়ে জড়িয়ে আছেন।
বস্তির লোকজন বলছেন, এনজিও পরিচালিত একটি স্কুলঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ওই স্কুলঘরের মালিক দাবিদার নাজমা বেগম বলেন, ওই স্কুলঘরে গ্যাসের কোনো সংযোগ নেই। বৈদ্যুতিক বাতি, পাখা সবই রাতের বেলা বন্ধ থাকে। তবু কীভাবে আগুন লাগল তা তিনি বুঝতে পারছেন না।
নাজমা বেগমসহ বস্তিবাসীর দাবি, কম করে হলেও দেড় শ ঘর আগুনে পুড়ে গেছে।
তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে মোট ৮৫টি ঘর পুড়ে গেছে, যার মোট আর্থিক মূল্য ৮ লাখ টাকা। আর ১৬ লাখ টাকার বিভিন্ন ধরনের আসবাবপত্র উদ্ধার করা হয়েছে। তবে আগুন কীভাবে লাগল, সেটি এখনো জানা যায়নি বলে নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার কথা বলেছেন বস্তিবাসী। তবে ফায়ার সার্ভিস বিষয়টি ভালো বলতে পারবে।