‘এখন আমাদের বলা হয় বিএনপি, আগে বলা হতো আওয়ামী লীগ। তার মানে আমরা সঠিক পথেই আছি।’
গতকাল শুক্রবার দুপুরে যশোরের জয়তী সোসাইটি মিলনায়তনে সংগঠনের আঞ্চলিক পরিকল্পনা সভায় প্রধান বক্তার বক্তব্যে সুশাসনের জন্য নাগরিক—সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ—এ স্লোগানে খুলনা অঞ্চলের এ বিভাগীয় পরিকল্পনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন যশোর জেলা কমিটির সভাপতি সালেহা বেগম। সভায় দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নিয়ে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সুজনের সংগঠকেরা মতামত দেন।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন খুলনা জেলা কমিটির সভাপতি জাফর ঈমাম, চুয়াডাঙ্গা জেলা সভাপতি সিদ্দিকুর রহমান, ঝিনাইদহ জেলা সম্পাদক শরীফ মাহ্মুদুল হাসান, ফরিদপুর জেলা সম্পাদক লিয়াকত হোসেন, মেহেরপুর জেলা সম্পাদক শামীম জাহাঙ্গীর, সাতক্ষীরা জেলা সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, মাগুরা জেলা সম্পাদক খান শারাফত হোসেন, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মহিদুর রহমান প্রমুখ।
খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকসহ দেড় শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।