আগে কাজ পরে দরপত্র!
তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করতে গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট সফরে এসেছিলেন। তাঁর সফরের দু-তিন দিন আগে লালমনিরহাট জেলা এলজিইডির উদ্যোগে দরপত্র আহ্বান ছাড়াই মোস্তফীরহাট থেকে মহেন্দ্রনগর বাজার পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে মৌসুমি সংস্কারকাজ করা হয়।অভিযোগ উঠেছে, ওই সময় এলজিইডি কর্তৃপক্ষ তাদের পছন্দের ঠিকাদারদের মৌখিক কার্যাদেশ দিয়ে নামকাওয়াস্তে সড়কটি সংস্কার করে।অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রীর সফরের ২৪ দিন পর গত ১৫ অক্টোবর সংস্কার করা সড়কটির কাজ বৈধ করতে ওই সড়কটি পাঁচ ভাগে বিভক্ত করে আরেকটি ভায়া সড়ককে সংযুক্ত করে একটি প্যাকেজে ছয়টি গ্রুপ দেখিয়ে এক কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। ওই দরপত্র কেনার শেষ তারিখ ছিল ৭ নভেম্বর এবং দরপত্র দাখিলের তারিখ ছিল ৮ নভেম্বর বেলা একটা পর্যন্ত।লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ বি এম রেজাউল বারী জানান, দরপত্র আহ্বান ছাড়া কাজ করানো নিয়মসিদ্ধ না হলেও তা করতে হয়েছে। যাঁরা ওই সময় সংস্কারকাজটি করেছেন দরপত্রের মাধ্যমে তা বৈধ করা হচ্ছে।নামকাওয়াস্তে সংস্কার করে, পরে অনেক বেশি টাকা বরাদ্দ করা প্রসঙ্গে তিনি সরকারদলীয় একাধিক প্রভাবশালী নেতার নাম উল্লেখ করে তাঁদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।