ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণ, এতে উত্থাপিত সমস্যা ও পুনর্বাসনবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জমি দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পর্যালোচনার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য চার কিলোমিটার কমিয়ে আনতে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। ফলে এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য থেকে মুগদা, মান্ডা-মানিকনগর ও গোলাপবাগ এলাকা বাদ পড়ে যাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ী ফ্লাইওভারকে সংযুক্ত করবে।আবুল কালাম আজাদ আরও জানান, শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সব সময় দেশের মানুষের উন্নয়নের দিকটি বিবেচনায় রাখে।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাংসদ সাবের হোসেন চৌধুরী ও সাংসদ রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন। বাসস ও ইউএনবি।