আগে গণপরিবহনে ভাড়া বাড়ানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের দাম বাড়ার কারণে সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের গঠিত কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসবে। একটি কমিটি বাস-মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করে এর ভাড়া নির্ধারণ করবে। অন্য কমিটি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রস্তাব করবে।
এই দুটি কমিটির সভাপতিই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম। কমিটিতে মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি রয়েছেন।
তবে ভাড়া পুনর্নির্ধারণের আগেই সিএনজিচালিত অটোরিকশায় গতকাল মঙ্গলবার থেকে বাড়তি ভাড়া নেওয়া শুরু হয়েছে। অটোরিকশার চালকেরা বলছেন, গতকাল থেকে গ্যাসের বর্ধিত দাম কার্যকর হওয়ায় ভাড়া না বাড়িয়ে উপায় নেই।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কমিটির সুপারিশের আগে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। এখন পর্যন্ত রূপান্তরিত গ্যাসচালিত (সিএনজি) গণপরিবহন ও অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। বিআরটিএর সিদ্ধান্তের আগে গ্যাসচালিত যাত্রীবাহী মোটরযান ও অটোরিকশার ভাড়া কোনোভাবেই বাড়ানো যাবে না। আপাতত আগের হারেই ভাড়া কার্যকর থাকবে।
মন্ত্রণালয় বলেছে, সিএনজিচালিত বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ কমিটির সদস্য ১২ জন। আর সিএনজিচালিত অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণ করবে আট সদস্যের কমিটি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএ, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, সড়ক পরিবহন সমিতি, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এই দুই কমিটিতে থাকবেন।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ৫ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে এই দুই কমিটি সব সদস্যদের নিয়ে বসবে। এরপর তারা ভাড়া বাড়ানোর সুপারিশ করবে।
গত ২৭ আগস্ট সিএনজির দাম প্রতি ঘনমিটারে পাঁচ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। গতকাল থেকে তা কার্যকর হয়েছে। গ্যাসের এই দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক সমিতি ইতিমধ্যে ভাড়া পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চিঠি দেয়।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরেই ভাড়া পুনর্নির্ধারণ করব। এর আগে কেউ যেন ভাড়া না বৃদ্ধি করে, সে জন্য আমরা সব বাসমালিককে চিঠি দিয়েছি। আমরা নিজেরাও বিষয়টি নজরদারি করছি।’