আগে চুক্তি সই, পরে প্রকল্প চূড়ান্ত

প্রথম ঋণচুক্তির মতোই বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় ঋণচুক্তি সই করতে যাচ্ছে ভারত। যৌথ ইশতেহারে ঋণচুক্তির পরিমাণ উল্লেখ করে ঘোষণা, চুক্তি সই এবং তারপর প্রকল্প ঠিক করা। ২০১০ সালে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি এভাবেই হয়েছিল। এবারও একই প্রক্রিয়া অনুসরণ হবে বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা।
ভারত ১০০ কোটি ডলারের ঋণচুক্তি থেকে পরে ২০ কোটি ডলার মঞ্জুরি হিসেবে দেয়। ঋণচুক্তির আওতায় যোগাযোগ অবকাঠামো খাতে মোট ১৫টি প্রকল্প নেওয়া হয়েছে, যার পরিমাণ প্রায় ৮৭ কোটি ডলার। এ পর্যন্ত সাতটি প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। বাকি আটটি প্রকল্প আগামী তিন বছরের মধ্যে শেষ হবে বলে আশা করছেন ইআরডির কর্মকর্তারা।
ভারতের সঙ্গে ঋণচুক্তির প্রক্রিয়ায় যুক্ত বাংলাদেশের কয়েকজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানান, এখন পর্যন্ত চুক্তিতে কী পরিমাণ অর্থ দেওয়া হবে এবং কী ধরনের প্রকল্প থাকবে, তা নিয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের পর এ নিয়ে আলোচনা শুরু হবে।
এদিকে নরেন্দ্র মোদির ঢাকা সফর সামনে রেখে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন। এ বিষয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে।
গত এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকা সফরের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (বহুপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্কবিষয়ক) সুজাতা মেহতা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে ১০০ কোটি ডলারের নতুন ঋণচুক্তির প্রস্তাব দেন। প্রথম চুক্তির মতো দ্বিতীয় চুক্তিতেও তিনি অবকাঠামোর কথা বলেন। যেহেতু অবকাঠামো নিয়ে কাজ চলছে, দ্বিতীয় ঋণচুক্তিতে অর্থমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক খাতে ঋণচুক্তির টাকা ব্যবহারের পক্ষে মত দেন।
জানতে চাইলে ইআরডির কর্মকর্তারা বলছেন, ঋণচুক্তির পরিমাণ ও প্রকল্পের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা না হওয়ায় ঋণের পরিমাণ কত হবে, তা এখনো স্পষ্ট নয়। ভারত ঋণের তথ্য গোপন রেখে হয়তো চমক দিতে চাইছে। তবে ভারতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন, মোদি ঢাকা সফরের সময় ৩০০ কোটি ডলারের ঋণচুক্তির ঘোষণা দিতে পারেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঋণের পরিমাণ ও প্রকল্পের সংখ্যা চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা শুরু না হলেও বাংলাদেশ কোন ধরনের প্রকল্পে আগ্রহী, সেটি ভারত জানতে চেয়েছে। অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ভারত সম্ভাব্য ক্ষেত্র ও প্রকল্প সম্পর্কে জানতে চেয়েছে। এরই ধারাবাহিকতায় গত মাসের শুরুতে বাংলাদেশ অবকাঠামো ও সামাজিক খাতের ১৫টি বিভিন্ন প্রকল্পের কথা ভারতকে জানায়। বাংলাদেশের দেওয়া প্রস্তাবে বিদ্যুৎ, যোগাযোগ, সড়ক, রেল, নৌপরিবহন, স্বাস্থ্য, শিক্ষা ও তথ্যপ্রযুক্তির প্রায় ৩০০ কোটি ডলারের প্রকল্পের কথা বলা হয়েছে।
জানা গেছে, অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে সম্ভাব্য প্রকল্প প্রস্তাব নেওয়ার পাশাপাশি ঋণচুক্তি সইয়ের জন্য একটি সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়াও ভারত নিয়েছে। ওই খসড়ায় ঋণের পরিমাণ অবশ্য ২০০ কোটি ডলার উল্লেখ করা হয়েছে। যেহেতু প্রথম ঋণচুক্তির ধারাবাহিকতায় পুরো বিষয়টি বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে, খসড়ায়ও এটিকে প্রথম চুক্তির সম্প্রসারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন চুক্তিতে সুদের হার ও পরিশোধের সময় প্রথম চুক্তির মতো থাকবে।
প্রথম ঋণচুক্তিতে ১ শতাংশ হারে সুদে ২০ বছরের মধ্যে ঋণ শোধ করার কথা রয়েছে। এর মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড হিসেবে ধরা হয়, অর্থাৎ ওই সময় কোনো কিস্তি পরিশোধ করতে হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা গত রাতে প্রথম আলোকে বলেন, শেষ পর্যন্ত ভারত ২০০ কোটি ডলার দিতে পারে। এবারের ঋণচুক্তিতে শুধু অবকাঠামো না রেখে সামাজিক খাতে প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে।