আগে ছিল জিয়া পরিষদের এখন আ.লীগের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের শেরেবাংলা সড়কের পাশে নিরালা মোড়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে তোলা হয়েছে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। গত ২৭ এপ্রিল কার্যালয়টির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।কার্যালয়টি উদ্বোধন উপলক্ষে ওই দিন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশও হয়েছে। সমাবেশে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নগর যুবলীগের আহ্বায়ক আনিছুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।এ বিষয়ে মেয়র তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘ওটা একটা অস্থায়ী কার্যালয়। কেউ যদি স্থায়ী করতে চায়, আমি করতে দেব না। রাস্তা যে সময় সম্প্রসারণ করা হবে, তখন ওটা উঠিয়ে দেব।’১৯৮৪ সালের মে থেকে ওই জায়গার পাশে সওজের জমিতেই ছিল বিএনপির অঙ্গসংগঠন জিয়া পরিষদের কার্যালয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটি উচ্ছেদ করা হয়।এলাকাবাসী জানান, ২০-২৫ দিন আগে সওজের প্রায় দেড় শতক জমিতে দলীয় কার্যালয় গড়ে তোলার জন্য কাজ শুরু হয়। কাজ শেষে ২৭ এপ্রিল সেটি উদ্বোধন করা হয়।সরেজমিনে দেখা গেছে, নিরালা মোড়ে শেরেবাংলা সড়কের প্রায় ১০ গজ দক্ষিণে কার্যালয়টি গড়ে তোলা হয়েছে। মেঝে পাকা করে মুলিবাঁশের বেড়া দিয়ে ওপরে দেওয়া হয়েছে টিনের ছাউনি।স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘যখন যে দল ক্ষমতায় আসে, তাদের লোকজন সরকারি জমি দখল করে। বাংলাদেশে এখন এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। কারও কিছু বলার নেই।’নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক শিল্পপতি বলেন, ‘বিগত সরকারের সময় এই এলাকায় জিয়া পরিষদের একটি দলীয় কার্যালয় ছিল। তখন তাদের চাঁদাবাজিতে এলাকা অস্থির থাকত। তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই কার্যালয়টি উচ্ছেদ করা হয়। এরপর আমরা খুব শান্তিতে ছিলাম। ক্ষমতাসীন দলের কার্যালয় নির্মাণের পর কতটুকু শান্তিতে থাকব, বলতে পারছি না।’২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শমশের আলী বলেন, মেয়রের তত্ত্বাবধানে সওজের জায়গায় আওয়ামী লীগের কার্যালয়টি গড়ে তোলা হয়েছে। তিনি অর্থ দিয়েছেন ও কাজ তদারকি করেছেন। অনুমতি নিয়েই সেখানে জিয়া পরিষদের কার্যালয় করা হয়েছিল। সে সময় ওই কার্যালয়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।সওজ সূত্রে জানা গেছে, কোনো অনুমতি না নিয়েই ওই জমিতে কার্যালয় করেছে আওয়ামী লীগ। খুলনা সওজের নির্বাহী প্রকৌশলী আ. রাজ্জাক বলেন, এটি সওজের অধিগ্রহণ করা জমি। এই জমি ইজারা দেওয়া যাবে না, কোনো প্রতিষ্ঠানও নির্মাণ করা যাবে না। দলীয় কার্যালয় করার সময় কোনো অনুমতিও নেওয়া হয়নি।স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল ইসলাম বলেন, ‘সামনে নির্বাচন, তাই অস্থায়ীভাবে এই কার্যালয়টি করা হয়েছে। সওজের দরকার হলে এ জায়গা খালি করে দেওয়া হবে।’