উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করার বিষয়ে ব্যাপকভিত্তিক জনমত যাচাই এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত নিয়ে এগোনোর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গত শনিবার টিআইবির এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
১৮ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ’৭২-এর সংবিধান অনুযায়ী সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আরও গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে অভিশংসন প্রক্রিয়া নির্ধারণ করা অপরিহার্য বলে মনে করে টিআইবি।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বের উন্নততর গণতান্ত্রিক দেশের অভিজ্ঞতার আলোকে উচ্চ আদালতের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ’৭২-এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ ফিরিয়ে আনা যৌক্তিক বিবেচিত হতে পারে। তবে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণের স্বপ্ন নিয়ে যে রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি স্থাপনের প্রত্যাশায় ’৭২-এর সংবিধান প্রণীত হয়েছিল, তা যেভাবে ক্ষমতার রাজনীতির হাতে জর্জরিত হয়েছে, তার ফলে সংসদের হাতে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা এককভাবে ন্যস্ত করা কতটুকু যৌক্তিক তা গভীরতর বিশ্লেষণের দাবি রাখে। তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ক্ষমতাহীন করা হলে বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু বজায় থাকবে এবং বিচারকেরা কতটুকু স্বাধীন, দলীয় প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও চাপের ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। বিজ্ঞপ্তি।