আগে টিকা, পরে খাতায় নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকা নিতে কেন্দ্রে হুড়োহুড়ি। শনিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে।
ছবি: প্রথম আলো

অনলাইনে নিবন্ধন ছাড়াই দেওয়া হচ্ছে টিকা। পরে হাতে তৈরি নিবন্ধন কার্ড ধরিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ এমন নিবন্ধন না করেই কেন্দ্র থেকে চলে যাচ্ছেন। করোনাকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কেন্দ্রে হুড়োহুড়ি তো আছেই। নেই টিকা নেওয়ার পর বিশ্রামের কোনো ব্যবস্থা। দেশব্যাপী গণটিকাদান কার্যক্রমের প্রথম দিনে মেহেরপুরের এক কেন্দ্রে এমন নানা অসংগতি চোখে পড়ে।

মেহেরপুর পৌরসভা এলাকায় সকাল ৯টায় শুরু হয় টিকাদান কর্মসূচি। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অস্থায়ী টিকাদান কেন্দ্র ছিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ। সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, ওই কেন্দ্রে পুরুষ ও নারীদের জন্য পৃথক দুটি স্থানে নিবন্ধন চলছে। দুটি স্থানেই মানুষের হুড়োহুড়ি। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। টিকা নেওয়ার পর বিশ্রামের জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা করা হয়নি।

কেন্দ্রে টিকাদানের জন্য একজন নারী ছিলেন। পৌরসভার কর্মী ওই নারীর নাম নাসিমা খাতুন। প্রথম আলোকে তিনি বলেন, গত বৃহস্পতিবার পৌরসভা কার্যালয়ের এসেছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তাঁরা টিকাদানের বিষয়ে এক দিনের একটি প্রশিক্ষণ দেন। এর বাইরে টিকাদানের বিষয়ে তাঁর কোনো অভিজ্ঞতা নেই।

নিয়মানুযায়ী, টিকার জন্য আগে অনলাইনে নিবন্ধন করতে হয়। কেউ জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে কেন্দ্রে তাৎক্ষণিকভাবে অনলাইনে নিবন্ধনেরও ব্যবস্থা রাখার কথা। কিন্তু এই কেন্দ্রে আগে টিকা দিয়ে পরে নিবন্ধন করাতে দেখা যায়। সেটাও আবার অনলাইনে নয়, খাতায়। ফলে অনেকে টিকা দিয়ে নিবন্ধন না করেই বাড়ি ফিরে যান। টিকার দ্বিতীয় ডোজ টিকা নিতে এসব মানুষ বিড়ম্বনায় পড়বেন বলে শঙ্কা রয়েছে।

কেন্দ্রে টিকার জন্য নিবন্ধন কার্যক্রমের দায়িত্বে ছিলেন পিংকি হালদার নামের একজন স্বেচ্ছাসেবী। তিনি বলেন, শনিবার সকালে তাঁদের পৌরসভা কার্যালয়ে ডাকা হয়। সেখানে নিবন্ধনের প্রক্রিয়া সম্পর্কে কিছু ধারণা দেওয়া জয়। জাতীয় পরিচয়পত্র দেখে নিবন্ধনের জন্য তাঁকে একটি খাতা দেওয়া হয়। ওই খাতায় তিনি টিকাগ্রহীতাদের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে রাখছেন। এরপর হাতে তৈরি কাগজের নিবন্ধন কার্ড দিচ্ছেন।

এভাবে নিবন্ধনের আগেই টিকা নেওয়া ব্যক্তিদের একজন সাইফুল করিম। তিনি মেহেরপুর পৌরসভার ফৌজদারি পাড়ার বাসিন্দা। টিকা দেওয়ার পর নিবন্ধন ছাড়াই চলে যাচ্ছিলেন। এই প্রতিবেদক বিষয়টি জানার পর টিকাদানকর্মীদের অবগত করেন। তখন তাঁকে কাগজের টিকার নিবন্ধন কার্ড দেওয়া হয়।

একই এলাকার বাসিন্দা আসমত শেখ। দুপুর ১২টার দিকে স্ত্রী নাজমুন নাহারকে নিয়ে এসেছিলেন ওই কেন্দ্রে। তাঁরা বলেন, টিকা নিতে এসেছিলেন। কিন্তু কেন্দ্রে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়ে দেন, টিকা ফুরিয়ে গেছে। এই দম্পতির মতো অর্ধশতাধিক মানুষকে এই কেন্দ্র থেকে ফিরে যেতে হয়েছে টিকা ছাড়াই।

জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মেহেরপুরে গণটিকাদানের প্রথম দিনে মোট ১৮ হাজার ৮০০ জনকে টিকা দেওয়ার কথা। এ জন্য তিন উপজেলায় ও দুই পৌরসভায় পৃথক ২৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র করা হয়। এর মধ্যে রয়েছে মেহেরপুর পৌরসভার ৫টি, সদর উপজেলার ৫টি ইউনিয়নে ৫টি, গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি ও গাংনী পৌরসভায় ৫টি এবং মুজিবনগর উপজেলায় ৪টি ইউনিয়নে ৪টি কেন্দ্র। পৌরসভার প্রতিটি কেন্দ্রে ২০০ জনকে এবং ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ৬০০ টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। সকাল থেকে একযোগে এসব কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়।

জেলা সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, মানুষের মধ্যে টিকা নেওয়ার জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে গণটিকাদান কর্মসূচি সফল হবে বলে তিনি আশা করছেন।

নিবন্ধন ছাড়াই টিকাদানের বিষয়ে সিভিল সার্জন বলেন, অনলাইনে নিবন্ধনের জন্য অনেক স্থানে স্মার্টফোন বা এ–জাতীয় যন্ত্রের অভাব ছিল। তাই তাৎক্ষণিকভাবে খাতায় নিবন্ধন করে হাতে তৈরি কাগজের কার্ড দেওয়া হয়েছে। পরে তাঁদের তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন করা হবে। যাঁরা নিবন্ধন ছাড়াই টিকা নিয়ে চলে গেছেন, তাঁরা জেলা শহরে একটি বুথে এসে পরবর্তী সময়ে নিবন্ধন করলে টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।