আগে ডালপালা, পরে পুরো গাছ উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কের দুই পাশে ৩০ বছর আগে লাগানো আমগাছগুলোর ডালপালা সড়কের পাশের গ্রামের লোকজন নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে। গত দু-তিন বছরে গ্রামবাসী দুই শতাধিক আমগাছ কেটে নিয়েছে। সরেজমিনে দেখা গেছে, তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কের তারাগঞ্জ পুরাতন চৌপথি থেকে ধোলাইঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার তারাগঞ্জ অংশের আমগাছগুলোর বেশির ভাগেরই ডালপালা কেটে নেওয়া হয়েছে। এভাবে ডালপালা কাটায় দুই শতাধিক গাছের মৃত্যু হয়েছে। সেসব মরা গাছের গোড়ায় গভীর রাতে গর্ত করে কিছু প্রভাবশালী লোক কেটে নিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানান। এলাকার লোকজন জানান, তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কটি জেলা পরিষদের ছিল। ১৯৯৫ সালের দিকে এটি সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ৩০ বছর আগে ওই সড়কের চার কিলোমিটারজুড়ে লাগানো হয় আমগাছ। কিন্তু দু-তিন বছর ধরে সড়কের পাশের গ্রামের কিছু লোক আমগাছের ডালপালা কেটে নিয়ে যাচ্ছে। এতে গাছগুলো মরে যাচ্ছে। ধোলাইঘাট গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, রাস্তার পাশে বাড়িঘর না থাকায় যে যেভাবে পারছে, গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু এসব গাছ কাটা বন্ধে কেউ পদক্ষেপ নিচ্ছে না। কুর্শা গ্রামের আকমল হোসেন বলেন, আগে গাছগুলোতে প্রতিবছর আম ধরত, যা এলাকার সবাই খাওয়ার পাশাপাশি বিক্রিও করত। কিন্তু স্থানীয় কিছু লোক গাছগুলোর ডালপালা কাটার কারণে এগুলো মরে যাচ্ছে। কুর্শা ইউনিয়নের শাহিনুর ইসলাম মার্শাল বলেন, ‘একাধিকবার রাস্তার পাশের বাসিন্দাদের নিয়ে সভা করেছি। সড়কের গাছ না কাটার জন্য গ্রামবাসীকে অনুরোধ করেছি। কিন্তু কাজ হয়নি। কিছু লোক রাতে এসব গাছ কাটছে। তাদের নামও গ্রামের লোকজন বলে না।’স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কের ধোলাইঘাট থেকে পুরাতন চৌপথি পর্যন্ত লাগানো আমগাছগুলোর দিকে তাকালে কষ্ট হয়। অনেক গাছের ডালপালা কেটে নেওয়া হয়েছে। উপজেলা মাসিক সমন্বয় সভায় গাছের ডাল কাটা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।’ সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘সড়কটি এখন আমাদের হলেও গাছগুলো জেলা পরিষদের। তার পরও বিষয়টি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে জানাব।’ রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী হাসান আহম্মেদ বলেন, ‘বিষয়টি জানা নেই। দু-এক দিনের মধ্যে লোক পাঠিয়ে খোঁজ নিয়ে গাছা কাটা প্রতিরোধে ব্যবস্থা নেব।’ তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘আমি ছুটিতে আছি। এ ব্যাপারে পদক্ষেপ নিতে এখনই তারাগঞ্জের সহকারী কমিশনারকে বলছি।’