স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের আগে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হবে না। তিনি বলেন, আগামী মার্চের মধ্যে ইউপি ও পৌরসভা নির্বাচন করা হবে।গতকাল রোববার ‘পাবলিক কনসালটেশন ফর দ্য সেকেন্ড লোকাল গভর্নেন্স সাপোর্ট’ প্রকল্পের প্রস্তুতি-প্রক্রিয়া উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী সৈয়দ আশরাফ। বিশ্বব্যাংক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর একটি অভিজাত হোটেলে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান।সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মেয়াদ বেশ আগেই পার হয়ে গেছে। এগুলো আগে হওয়া দরকার। ডিসিসি নির্বাচন দেরিতে করার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ডিসিসির আইনে পরিবর্তন আনতে হবে। বিদ্যমান আইনে সংশোধনী এনে তা সংসদে পাস করতে হবে।