আগে তথ্য যাচাই পরে সিম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোনো মুঠোফোন সংযোগ (সিম) কিনলেই তা আর সঙ্গে সঙ্গে চালু (প্রি অ্যাকটিভেশন) হবে না। সিম কেনার সময় বাধ্যতামূলক নিবন্ধনে দেওয়া তথ্য যাচাই করে তবেই সংযোগ চালু করবে (পোস্ট অ্যাকটিভেশন) মুঠোফোন অপারেটররা। আর এই সংযোগ চালুর সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১১ অক্টোবর থেকে।এই সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে মনে করছেন না মুঠোফোন অপারেটররা। কারণ, সিমের গ্রাহকের তথ্য যাচাই করতে অবশ্যই প্রথমে সরকারি তথ্যভান্ডারে প্রবেশের অনুমতি দিতে হবে।গতকাল বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে এক বৈঠকে মুঠোফোন অপারেটরদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, মুঠোফোন অপারেটরদের ৯০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। ‘সিস্টেম ডেভেলপ’ করে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। কারণ, সংযোগ নেওয়ার সময় অনেকেই ভুয়া ঠিকানা বা নাম ব্যবহার করে। সংযোগ চালুর পরে অনেক সময় অপারেটরদের পক্ষেও সংযোগ গ্রহীতার নাম-ঠিকানা যাচাই করা সম্ভব হয় না। বাংলালিংকের করপোরেট বিভাগের প্রধান জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, এতে করে সংযোগ নেওয়া গ্রাহকদের তথ্য সঠিকভাবে সংরক্ষিত হবে। আর এ জন্য প্রয়োজনীয় কারিগরি খাতে বিনিয়োগেও অপারেটররা প্রস্তুত। তবে জাতীয় তথ্যভান্ডারে প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত এটি কার্যকর করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বিটিআরসির দ্রুত সাহায্য আশা করেন তিনি।