আগে তিনবার ব্যর্থ হয়েছিল জেএমবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী নেতাদের ছিনিয়ে নিতে ছয় বছর আগে কুমিল্লায় প্রথম চেষ্টা চালিয়েছিল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এরপর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও দুই দফা চেষ্টা করে ব্যর্থ হয়েছিল সংগঠনটি।
প্রথম তিনটি চেষ্টাই হয়েছিল গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৭-০৮)। এর পাঁচ বছর পর গত রোববার চতুর্থ দফায় পুলিশ হত্যা করে প্রিজন ভ্যান থেকে তিনজন দণ্ডপ্রাপ্ত নেতাকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
প্রথম দফার চেষ্টায় জেএমবি চেয়েছিল সংগঠনের প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানকে কারাগার থেকে বের করে নিতে। ২০০৭ সালের ২৫ নভেম্বর রাতে জঙ্গিরা নকল চাবি দিয়ে কুমিল্লা কারাগারে নাবিলের কক্ষের তালা খুলে ফেলে। রাত আটটার দিকে নাবিল রহমান কারাগারের উঁচু প্রাচীর টপকে বাইরে চলে আসেন।
দেয়াল টপকে আসামি পালাতে দেখে স্থানীয় লোকজন ওই দিন নাবিলকে ধরে ফেলে। নাবিলকে নিয়ে যেতে কারাগারের প্রাচীরের বাইরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ দুই ব্যক্তি তখন পালিয়ে যান।
পরে দেখা যায়, অনেকগুলো ভেজা কম্বল একটির সঙ্গে আরেকটি গিঁট দেওয়া এবং তা কারাগারের পেছনের দিকে প্রাচীরের বাইরে পড়ে আছে। ওই কম্বল বেয়েই নাবিল কারাগার থেকে বাইরে চলে আসেন।
ওই ঘটনার পর কারাগারের ভেতরে নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ সতর্কতামূলক উদ্যোগ নেয়। ওই চেষ্টা ব্যর্থ হওয়ার পর জঙ্গিদের আদালতে আনা-নেওয়ার পথে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে জেএমবি। ২০০৮ সালের শেষ দিকে এ রকম একটি পরিকল্পনার কথা প্রথম জানতে পারে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
এসবির ওই সময়কার একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, তখন খুলনার আদালতে হাজিরা শেষে কয়েকজন জঙ্গি নেতাকে কারাগারে ফেরত নেওয়ার সময় তাঁদের কাছ থেকে আরবি ভাষায় লেখা একটি চিঠি উদ্ধার করা হয়। ওই চিঠি বাংলায় অনুবাদ করে জানা যায়, প্রিজন ভ্যানে হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে জেএমবি। ওই চিঠিতেই ওই বছর নেতাদের ছিনিয়ে নেওয়ার দুটি চেষ্টা ব্যর্থ হওয়ার তথ্য পাওয়া যায়।
সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, ওই দুটি চেষ্টা হয়েছিল মূলত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। তখন এসবির পক্ষ থেকে কারা কর্তৃপক্ষকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, গত রোববার ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের আক্রমণটি ছিল নেতাদের ছিনিয়ে নিতে জঙ্গিদের চতুর্থ দফা উদ্যোগ। এ দিন সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেওয়ার পথে জঙ্গিরা ঝটিকা আক্রমণ চালিয়ে জেএমবির শীর্ষস্থানীয় তিন নেতা সালাহউদ্দিন ওরফে সালেহীন, হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান ও জাহিদুল ইসলাম ওরফে মিজান ওরফে বোমা মিজানকে ছিনিয়ে নিয়ে যায়। জঙ্গিদের গুলিতে পুলিশের এক সদস্য নিহত ও দুজন আহত হন।
অবশ্য পালিয়ে যাওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে টাঙ্গাইলের সখীপুরে ধরা পড়েন জঙ্গি হাফেজ মাহমুদ। ১৪ ঘণ্টা পর তিনি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। একই দিন জাকারিয়া ও রায়হান ওরফে রাসেল নামের আরও দুই জঙ্গি ধরা পড়েন। পলাতক বাকি দুই জঙ্গি সালাহউদ্দিন ও বোমা মিজানকে গতকাল পর্যন্ত ধরতে পারেনি পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জঙ্গি দমন-সংক্রান্ত দল। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেএমবির একাংশ এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। এতে জড়িত ব্যক্তিদের সম্পর্কে মোটামুটি তথ্য পাওয়া গেছে।