আগে তো আলোচনা হোক: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির একতরফা নির্বাচন নিয়ে যুক্তরাজ্যসহ পাশ্চাত্য সমালোচনামুখর ছিল। তাই আজ সোমবার থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না, তা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা রয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল রোববার বললেন, ‘আগে তো আলোচনা হোক। তারপর আমরা এ বিষয়ে কথা বলব।’
প্রধানমন্ত্রীর লন্ডন সফর উপলক্ষে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ল সামিটে (কন্যাশিশু শীর্ষ সম্মেলন) যোগ দেওয়ার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। যুক্তরাজ্য ও ইউনিসেফের যৌথ আয়োজনে ২২ জুলাই এক দিনের এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই যুক্তরাজ্য সফর হচ্ছে গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসার পর পাশ্চাত্যের কোনো দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর।
ডেভিড ক্যামেরনের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘আলোচনার ইস্যু তো আগে বলা যায় না। আলোচনা হয়ে গেলে আমরা অবশ্যই বলব। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যেসব সমস্যা আছে, তার সবগুলো নিয়ে আলোচনা হবে।...আগে আলোচনা হোক, তারপর আমরা বলব।’
দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের রাজনীতি ও ৫ জানুয়ারির নির্বাচন অন্তর্ভুক্ত হবে কি না—জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘এ প্রশ্নের উত্তর তো আমি আগে দিয়েছি। আগে তো আলোচনা হোক, পরে আমি এসে এ সম্পর্কে বলব।’
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গত ১৬ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টের দেওয়া বিবৃতির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। ওই বিবৃতিটি ইইউর ২৮টি দেশ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, ‘ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চলমান রয়েছে। কাজেই এরপর তো আর কোনো কথা থাকে না।’
প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার রাস্তা বন্ধ করার কোনো চেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সম্পর্ক তো ঠিক আছে। সবকিছু তো চলছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রকল্গগুলোতে তাদের সাহায্য আরও বাড়াচ্ছে।’
শেখ হাসিনার সঙ্গে যেন ডেভিড ক্যামেরন দেখা না করেন, সে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল লন্ডন বিএনপি। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘সংসদে তাঁদের প্রতিনিধিত্ব নেই। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। কিন্তু ডেভিড ক্যামেরন কি দলটিকে কোনো উত্তর দিয়েছেন?’
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে কন্যাশিশুদের উন্নয়নে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা সম্পর্কে লন্ডনে প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বকে অবহিত করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ মুহূর্তে বাংলাদেশে মেয়েদের ৩২ শতাংশের বিয়ে হয়ে যাচ্ছে ১৫-১৮ বছর বয়সে। এতে করে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। তবে কন্যাশিশু শীর্ষ সম্মেলনের সহ-আয়োজক ইউনিসেফ বলছে, বাংলাদেশে ১৮ বছরের আগে বিয়ে হওয়া মেয়ের হার প্রায় ৬২ শতাংশ।
মন্ত্রী জানান, লন্ডন সফরে প্রধানমন্ত্রী ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে সফরসংশ্লিষ্ট সরকারি নথিতে মোট সফরসঙ্গীর সংখ্যা দেখা যায় ৫৬ জন।