আগে নারী পরে পুরুষ
সকাল সাড়ে নয়টা। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন পরিষদের (ইউপি) পারকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ভোটকেন্দ্রে নারীদের দীর্ঘ সারি। সেখানে পুরুষ ভোটারের উপস্থিতি হাতে গোনা। এ ব্যাপারে জানতে চাইলে কয়েকজন নারী জানান, তাঁরা ভোট দিয়ে বাড়ি গেলে পুরুষেরা ভোট দিতে আসবেন।
সরেজমিনে দেখা যায়, নারী ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন। প্রায় পৌনে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোটকক্ষের কাছাকাছি পৌঁছান জয়ন্তী রানী, অনল রানী, সুলতানা বেগমসহ অনেকে। এত কষ্ট করে ভোট দেওয়ার কারণ জানতে চাইলে জয়ন্তী রানী বলেন, ‘হামরা ভোটার দিতে আইছু। এবার নতুন পদ্ধতিতে ভোট। এই নতুন ভোট দেওয়ার জন্য গ্রামের নারীরা দল করে একটু আগত আইছু।’ পুরুষ ভোটারের উপস্থিতি খুবই কম কেন? এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন নারী বলেন, ‘হামরা ভোট দিয়া বাড়িত গেলে তারা আসবে।’
পারকুন্ডা গ্রামের বাসিন্দা রওশন আরা নামে এক ভোটার বলেন, ‘আজ ভোট দেওয়ার তানে ভোরে ঘুম থেকে উঠিয়া কাম-কাইজ সারি রাখছু। বাড়ির পুরুষরা মাঠের কাজ শেষ করিয়া ভোট দিবার আসিবে।’
আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মো. হারুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘন ঘন আগমনের কারণে কেন্দ্রে শান্তিপূর্ণ এই পরিস্থিতি বিরাজ করে। এতে নারীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
এ বিষয়ে রানীশংকৈলের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইনুল হক বলেন, ‘এ এলাকার এটাই ঐতিহ্য। সকালে নারীরা ভোট সেরে ফেলেন, পরে পুরুষেরা ভোট দিতে আসেন।’