আগে নারীরা পরে পুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার সকাল সাড়ে নয়টা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারীদের দীর্ঘ সারি। সেখানে পুরুষ ভোটারের উপস্থিতি খুবই কম। জিজ্ঞেস করতেই কয়েকজন নারী জানালেন, তাঁরা ভোট দিয়ে বাড়ি গেলে পুরুষেরা ভোট দিতে আসবেন।
শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পৌর শহরের উত্তর দিকে অবস্থিত। পৌরসভার ১১টি কেন্দ্রের মধ্যে শিমরাইল কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি।
সরেজমিনে দেখা যায়, নারী ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন। প্রায় পৌনে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোটকক্ষের কাছাকাছি পৌঁছান মঞ্জু রানী, অঞ্জলি রানী, রুবি বেগম, সুলতানা চৌধুরীসহ অনেকে। এত কষ্ট করে ভোট দেওয়ার কারণ জানতে চাইলে মঞ্জু রানী বলেন, ‘আমরা ভোটার অইছি। ভোট দেওনের অধিকার আছে আমরার মতো নারীদের।’ তিনি বলেন, ‘আমাদের মহল্লায় একটিও ভালো রাস্তা নেই। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা নেই। অধিকার আদায়ের জন্য আমরা ভোটকেন্দ্রে এসেছি ভোট দিতে।’ প্রায় এক ঘণ্টা ওই ভোটকেন্দ্রে দাঁড়িয়ে দেখা যায়, ‘পুরুষ ভোটারের উপস্থিতি খুবই কম। এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন নারী বলেন, ‘আমরা ভোট দিয়া বাড়িত গেলে তাঁরা আইব।’
এ ছাড়া বেলা ১১টা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে দেখা যায়, পরিস্থিতি একেবারে শান্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘন ঘন আগমনের কারণে কেন্দ্রে শান্তিপূর্ণ এই পরিস্থিতি বিরাজ করে। এ কারণে নারী ভোটারের উপস্থিতি অন্যবারের চেয়ে বেশি বলে এলাকাবাসী ধারণা করছেন।