আগে নিজেদের গোপন ডাক, পরে দরপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় বিজ্ঞপ্তি পেয়ে অনেকেই নিলামে অংশ নেওয়ার জন্য দরপত্র কেনেন। কিন্তু দরপত্র জমা দেওয়ার শেষ দিনেও তাঁরা দরপত্র বাক্সে ফেলেননি। ফেলেছেন তাঁরাই, যাঁরা দরপত্র জমা দেওয়ার আগেই নিজেদের মধ্যে গোপন ডাকে সর্বোচ্চ দরে গাছগুলো কিনেছেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে ঠাকুরগাঁওয়ের বঙ্গবন্ধু সড়কের (সার্কিট হাউস থেকে জজ আদালত পর্যন্ত) দুই পাশের মূল্যবান সব গাছ নিলামের মাধ্যমে কম দামে কিনে নেওয়ার জন্য এমন কাজটি করেছেন গাছ কিনতে আসা আগ্রহীরা। প্রতিযোগিতা ছাড়া নিজেদের মধ্যে সমঝোতা করে মূল্যবান গাছগুলো ভাগাভাগি করে নেওয়ার ফলে সরকারের ন্যূনতম ২০ লাখ টাকার লোকসান হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সওজ সূত্রে জানা যায়, শহরের বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন সড়ক প্রশস্ত ও বিভাজক নির্মাণের দ্বিতীয় দফার কাজ শুরু করতে সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির গাছ অপসারণের প্রয়োজন হয়। সড়কের দুই পাশের ৩৮টি গাছের দর নির্ধারণের পর সংশ্লিষ্ট বিভাগ ২৯ মে নিলাম দরপত্র আহ্বান করে। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৯ জুন। দরপত্র জমা দেওয়ার আগে গাছ কিনতে আগ্রহীদের মধ্যে চলে গোপন বৈঠকের মাধ্যমে সমঝোতা। দর-কষাকষিতে যে যেই গ্রুপে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন, সার্ভে প্রতিবেদনের দরের চেয়ে সামান্য কিছু টাকা বেশি দেখিয়ে তাঁকে দরপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। আর তাঁকে বৈধ করতে তারচেয়ে কম দরে প্রতিটি গ্রুপে জমা দেন আরও কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক দরপত্র কেনা এক ব্যক্তি বলেন, দরপত্রে চারটি গ্রুপের ৩৮টি গাছের বিপরীতে ১১ লাখ ৩৮ হাজার টাকা উল্লেখ করলেও গোপন ডাকে সেই গাছের ডাক ওঠে প্রায় ২৪ লাখ টাকা যা দরপত্রের চেয়ে ১২ লাখ ৬৯ হাজার টাকা বেশি। প্রতিযোগিতামূলকভাবে গাছ কিনতে গেলে লাভ করা কঠিন হতো। গাছ কেনায় আগ্রহী তাই কয়েকজন সমঝোতা করে সমদরে গাছগুলো সার্ভে দরের চেয়ে কিছু বেশি টাকায় ভাগ করে নিয়ে দরপত্র দাখিল করেছেন। এটা করতে গিয়ে সবাইকে খুশি করতে হয়েছে। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কাঠের দোকানে সরেজমিনে কথা বলে জানা গেছে, নিলামের ওই ৩৮টি গাছের বাজারমূল্য রয়েছে ন্যূনতম ৩০ থেকে ৩৫ লাখ টাকা। নিলামে বিক্রি হয়েছে মাত্র ১১ লাখ ৩১ হাজার টাকায়। ঠাকুরগাঁও শহরের কাঠ ব্যবসায়ী আ ক ম সিরাজদৌল্লাহ বলেন, ৫০ থেকে ৭০ বছরের পুরোনো সেগুন, শিশু, কাঁঠাল ও মেহগনি গাছের মূল্য টাকা দিয়ে নির্ধারণ করা যায় না। এমন মানের এক ঘনফুট কাঠ বাজারে সাড়ে তিন হাজার টাকার ওপরে বিক্রি হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সওজের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম জানান, সড়কের গাছের দর সার্ভের মাধ্যমে রাজশাহী বিভাগীয় নির্বাহী বৃক্ষপালনবিদ নির্ধারণ করে নিলাম দরপত্র আহ্বান করেন। বিষয়টি তাঁরাই ভালো বলতে পারবেন। দরপত্রে সমঝোতা সম্পর্কে রাজশাহীর সওজ নির্বাহী বৃক্ষপালনবিদ মো. কামাল উদ্দিন মোল্লা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঠাকুরগাঁওয়ের সড়কের গাছগুলোর নিলাম যথার্থ নিয়মেই সম্পন্ন হয়েছে। অফিসের বাইরে কী হয়েছে তা তিনি বলতে পারবেন না। সওজের কেউ এসবের সঙ্গে জড়িত নয়।