আগে নিয়েছেন টাকা, এখন জোর করে নিচ্ছেন সই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের নানা ভয়ভীতি দেখিয়ে ‘অবৈধভাবে শিক্ষকদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি’ মর্মে জোর করে সই আদায় করা হচ্ছে।গতকাল বৃহস্পতিবার প্রথম আলোতে ‘শিক্ষকদের কাছ থেকে টাকা নিলেন ইউএনও ও শিক্ষা কর্মকর্তারা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর অভিযুক্ত ব্যক্তিদের অন্যতম উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল এ ধরনের তোড়জোড় শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শিক্ষকেরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ঘুঙ্গিয়ারগাঁও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা হয়। সভা শেষে আবদুল আউয়াল শুধু বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়া অপরদের কক্ষ ত্যাগের নির্দেশ দেন। পরে কক্ষের শিক্ষকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষক জানান, আবদুল আউয়াল প্রথম আলোয় প্রকাশিত সংবাদটি মিথ্যা প্রমাণের জন্য শিক্ষকদের কাছে পরামর্শ চান। এরপর তিনি ‘অবৈধভাবে শিক্ষকদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি এবং ইউএনও ও শিক্ষা কর্মকর্তাদের কোনো ঘুষ দেওয়া হয়নি’ মর্মে একটি কাগজে প্রত্যেক শিক্ষককে স্বাক্ষর করতে বলেন। যেসব শিক্ষক কাগজে স্বাক্ষর করবেন না, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুমকি দেন।ডুমরা রসিকলাল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র সরকার বলেন, ‘টাকা দিয়েছি—এটি যেমন সত্য, তেমনি স্বাক্ষর করেছি—এটিও সত্য। পরে শিক্ষা কর্মকর্তারা আমাদের ঝামেলায় ফেলতে পারেন, এ চিন্তা করে অনেকেই টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করে স্বাক্ষর করেছেন।’ রঘুনাথপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধীর দাস বলেন, ‘আমাকে শিক্ষা অফিস থেকে বলা হয়েছিল টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করে স্বাক্ষর করার জন্য। কিন্তু আমি তা করেনি। কারণ, আমি টাকা দিয়েছি। এখন শুনছি উপজেলার প্রত্যেক শিক্ষকের কাছ থেকে এ ধরনের মিথ্যা স্বাক্ষর নেওয়ার জন্য শিক্ষা অফিসের কর্মকর্তারা তোড়জোড় চালাচ্ছেন।’অভিযোগ প্রসঙ্গে আবদুল আউয়াল বলেন, ‘সমন্বয় সভায় আমি কোনো শিক্ষককে জোর করে সই আদায় করার উদ্যোগ নিইনি। আমি শুধু বলেছি, আমার বিরুদ্ধে পত্রিকায় যে সংবাদ ছাপা হয়েছে, সেটি মিথ্যা। শিক্ষকেরা সংবাদের প্রতিবাদ জানিয়ে স্বাক্ষর করে থাকতেও পারেন, সেটি আমার জানা নেই।’সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী বলেন, খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারের ঘোষণা অনুযায়ী সম্প্রতি সারা দেশের বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে শাল্লার বিদ্যালয়গুলোর চারটি তথ্য ইউএনও কার্যালয় ও শিক্ষা অফিসে চাওয়া হয়। কিন্তু বিদ্যালয়গুলো পরিচালনায় গরমিল রয়েছে উল্লেখ করে ইউএনও স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতাদের মাধ্যমে অর্থ দাবি করেন। পরে গতকাল প্রথম আলোয় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।