চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩-এর ৪৫(এ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ-ইনস্টিটিউটে শিক্ষকের পদ সৃষ্টির ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিভাগ-ইনস্টিটিউটের পরিকল্পনা পর্ষদ (প্ল্যানিং কমিটি)। পরে বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং কমিটি ও সিন্ডিকেটে সেই সিদ্ধান্ত যাচাই-বাছাইয়ের পর পদ সৃষ্টি হলে নীতিমালা অনুযায়ী পত্রিকায় বিজ্ঞাপন দেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের পরিকল্পনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই পদ না থাকা সত্ত্বেও গত বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয়জনকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবার পদ সৃষ্টির জন্য ইনস্টিটিউটকে ‘চাপাচাপি’ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটে গত বছরের ১৬ মার্চ পাঁচজন ও ৮ আগস্ট একজন প্রভাষক পদে যোগ দেন। পদ সৃষ্টির মাধ্যমে তাঁদের নিয়োগ স্থায়ী করতে গত বছরের ২৩ জুলাই তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৪ আগস্ট ইনস্টিটিউটের পরিকল্পনা পর্ষদের ১৬৫তম সভায় ইনস্টিটিউটে কোনো প্রভাষক পদের স্থায়ী পদ শূন্য না থাকায় আবেদনগুলোর ব্যাপারে সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ‘নিয়োগ স্থায়ী না হওয়ার কারণে সামাজিক এবং মানসিকভাবে বিপর্যস্ত আছি’—এ কথা উল্লেখ করে ওই শিক্ষকেরা একই বছরের ৫ অক্টোবর প্রয়োজনীয় সংখ্যক পদ সৃষ্টির মাধ্যমে তাঁদের নিয়োগ স্থায়ী করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবরে আবেদন করেন।
এদিকে নিয়োগ পাওয়ার পরদিন গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের পরিচালকের কাছে এ ব্যাপারে একটি চিঠি দেন। চিঠিতে শিক্ষকের ছয়টি পদ সৃষ্টির ব্যাপারে পরিকল্পনা পর্ষদের মাধ্যমে প্রক্রিয়া করে বিষয়টি ইনস্টিটিউটের গভর্নিং বডির আগামী সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য আদেশ দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের পরিচালক মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইনস্টিটিউটে পদ শূন্য না থাকা সত্ত্বেও কোনো নিয়মের তোয়াক্কা না করেই ছয়জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এখন পদ সৃষ্টি করার ব্যাপারে ব্যবস্থা নিতে আমার কাছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চিঠি দিয়েছেন।’ তিনি বলেন, ‘ইনস্টিটিউট চলে নিজস্ব নিয়ম অনুসারে। পদ সৃষ্টির জন্য চাপাচাপি করে এ রকম চিঠি দেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। ’
মো. শাহাদাত হোসেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘প্রশাসন যেহেতু নিয়োগ থেকে শুরু করে সবকিছু নিজেদের মতো করে করেছে, এবার পদ সৃষ্টি করে স্থায়ীকরণটাও চাইলে তারা করতে পারে। সবকিছু যেহেতু অনিয়মের মাধ্যমেই হয়েছে, এটাও তারা চাইলে ওভাবেই করতে পারে। এতে আমাদের কী দরকার?’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আলমগীর চৌধুরী বলেন, নিয়ম অনুসারেই তিনি পরিচালকের কাছে চিঠি দিয়েছেন। তবে ‘নিয়মের তোয়াক্কা’ না করে ছয়জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি কিছু বলতে পারেননি।
এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফকে পাওয়া যায়নি।