আগে প্রশ্ন করা শিখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎ​সবের অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দিচ্ছে এক শিক্ষার্থী। ছবিটি গতকাল রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎ​সবের অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দিচ্ছে এক শিক্ষার্থী। ছবিটি গতকাল রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো

নিজের ভেতর উদ্ভাবনী শক্তি জাগাতে হলে আগে প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করা শিখলে শিক্ষার্থীরা স্বপ্ন দেখা শিখবে। তারা স্বপ্নপূরণের জন্য কাজ করবে। শিক্ষকদের এই প্রশ্ন শিখিয়ে দেওয়া উচিত নয়, একইভাবে অহেতুক নম্বর দেওয়া উচিত নয়। শুধু শুধু নম্বর পেলে তারা পড়াশোনা ছেড়ে দেবে। অভিভাবকদেরও নম্বরের পেছনে ছোটা উচিত নয়। রাজশাহীতে আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসবে গতকাল শনিবার এই তাগিদ দেওয়া হয়।
সিটি ব্যাংক-প্রথম আলোর উদ্যোগে আয়োজিত জমজমাট এই উৎসবে ৫২৬ জন প্রতিযোগী বিজ্ঞান কুইজে এবং ৪১টি বিজ্ঞান প্রকল্পে প্রায় ১২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান কুইজে ৩০ জন ও ১১টি বিজ্ঞান প্রকল্পে অংশ নিয়ে ৩০ জন বিজয়ী হয়। বিজয়ীরা ঢাকায় জাতীয় জয়োৎসবে অংশ নেবে।
রাজশাহী অঞ্চলের এই উৎসবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। পুরো উৎসবে সহযোগিতা করেন রাজশাহী বন্ধুসভা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল কলেজ বন্ধুসভার বন্ধুরা।
সকাল নয়টায় রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে বেলুন ওড়ানো হয়। এরপর মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তারপর আমরা বসে থাকব না। ২০৪১ সালের আরেকটি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা কাজ করে যাব। তখন আমরা থাকব না। তোমরাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তোমরা একটি বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে উঠবে।’
উদ্বোধনী পর্বের পর তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক—এ তিনটি বিভাগে ৪০০ শিক্ষার্থী ৩০ মিনিটের কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রকল্পগুলো মূল্যায়নের জন্য বিচারকের দায়িত্বে ছিলেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুস সামাদ মণ্ডল, রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক আ ন ম আল মামুন চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষক ব্রজেন্দ্রনাথ সরকার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের শিক্ষক আবদুস সালাম, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার ফারাহ্ নাজ আহমেদ ও ইউসেপ রাজশাহী বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানা।
দুপুরে সমাপনী পর্বে বিচারকদের সঙ্গে মঞ্চে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক ও সিটি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আবু সায়েদ ও প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী ও বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বন্ধুসভার বন্ধু ফারুক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির হাসান।