আগে বিএমএ নির্বাচন পরে রোগী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী থেকে শিশু মাছুমকে (১৮ মাস) গত মঙ্গলবার রাতে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। তার জ্বর ছিল। গতকাল বুধবার বেলা পৌনে একটার দিকে ওই ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশুটি অনেক কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। শিশুর মাসহ অভিভাবকেরা চিকিৎসককে ডাকাডাকি করছিলেন। কিন্তু ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক ছাড়া জ্যেষ্ঠ কোনো চিকিৎসক ছিলেন না। ইন্টার্ন চিকিৎসকেরাও অন্য রোগী নিয়ে ব্যস্ত ছিলেন।গতকাল বেলা সাড়ে ১১টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রায় কোনো বিভাগেই চিকিৎসক ছিলেন না। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনী সভায় গিয়েছিলেন। এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কেউ অনুমতিও নেননি।আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মাহমুদ হাসান-ইকবাল আর্সলান প্যানেলের পরিচিতি অনুষ্ঠান ছিল কলেজ ক্যাম্পাসে। বেলা সাড়ে ১১টায় মাহমুদ হাসান ও ইকবাল আর্সলানের নেতৃত্বে স্বাচিপের নেতা ও সমর্থক চিকিৎসকেরা শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আসেন। প্রায় ২০০ চিকিৎসক তাঁদের সঙ্গে ছিলেন। পরে আরও চিকিৎসক সভাস্থলে পৌঁছান। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, ছাত্ররাও এই সভায় যোগ দেন। বেলা আড়াইটার পরও স্বাচিপের সভা চলে। এর পরে হাসপাতাল ছুটি হয়ে যায়।দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের বি-২ ওয়ার্ডে গিয়ে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। এক সেবিকা জানান, চিকিৎসকেরা অন্য কাজে গেছেন। কোন কাজ জানতে চাইলে বলেন, মিটিং আছে। এরপর শিশু বিভাগের সামনে গিয়ে দেখা যায়, বিভাগীয় চেয়ারম্যান মো. রেজাউল করিমের কক্ষের সমানে এক ব্যক্তি বসে আছেন। জানালেন, বিভাগের সব চিকিৎসক স্বাচিপের মিটিংয়ে গেছেন। একই কথা বললেন কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক। নাক-কান-গলা বিভাগে গিয়েও জানা যায়, সেখানে ইন্টার্ন ছাড়া অন্য কোনো চিকিৎসক নেই।সাড়ে ১২টায় ২৪ নম্বর সার্জারি ওয়ার্ডে দেখা গেছে, বিভাগীয় প্রধান ওমর ফারুক ইউসুফসহ অন্য জ্যেষ্ঠ চিকিৎসকেরা কক্ষে নেই। কর্তব্যরত চতুর্থ শ্রেণীর কর্মচারী জানান, তাঁরা বাইরে মিটিংয়ে আছেন। একইভাবে প্রসবোত্তর ওয়ার্ডে বিভাগীয় প্রধানসহ জ্যেষ্ঠ চিকিৎসকদের পাওয়া যায়নি। তবে স্ত্রীরোগ বিভাগের প্রধানকে তাঁর কক্ষে পাওয়া যায়।চিকিৎসকদের রোগী রেখে চলে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক মো. ফসিউর রহমান প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা চলে যাওয়াতে কাজে কোনো ক্ষতি হয়নি।