বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্রম রাখতে হবে তাদের লাইসেন্স পাওয়ার বয়স অনুসারে। বিদেশি চ্যানেলগুলোর ক্রম থাকবে বাংলাদেশি চ্যানেলগুলোর পরে। বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) এ দাবি মেনে নিয়েছে সরকার।
সচিবালয়ে গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে অ্যাটকো এ দাবি জানালে তিনি তা মেনে নেন। এ সময় উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও মনে করেন, অ্যাটকোর দাবি সংগত।
বেসরকারি টিভি চ্যানেলগুলোর মধ্যে আগে লাইসেন্স পেয়েছে এটিএন বাংলা ও চ্যানেল আই। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিটিভির পরই এগুলোর ক্রমিক থাকবে। আর সবার শেষে লাইসেন্স পাওয়া ১৩টি টিভি চ্যানেলের ক্রমিক থাকবে শেষে। বাংলাদেশি চ্যানেলগুলোর পরে থাকবে বিদেশি চ্যানেলগুলো।
বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, চ্যানেলের ক্রম তথ্য মন্ত্রণালয় ঠিক করে দেবে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিতে হবে। এটা না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাটকোর সভাপতি এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী, চ্যানেল টোয়েন্টিফোরের এ কে আজাদ, মাছরাঙা টিভির অঞ্জন চৌধুরী, আরটিভির মোরশেদ আলম, এসএ টিভির সালাউদ্দিন আহমেদ, একাত্তর টিভির মোজাম্মেল হক, সময় টিভির আহমেদ জোবায়ের, দেশটিভির আরিফ হাসান, মাইটিভির নাসির উদ্দিন, গানবাংলার ফারজানা মুন্নি প্রমুখ।
বৈঠক সূত্র বলেছে, বিদেশি চ্যানেলগুলোতে দেশীয় কোম্পানিগুলো বিজ্ঞাপন দিয়ে মানি লন্ডারিং করছে–অ্যাটকোর সদস্যদের এমন বক্তব্যে দুই মন্ত্রীই মানি লন্ডারিং রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।