অনিন্দ্যর বয়স ১৭ বছর। কথা গুছিয়ে বলতে পারে না। তবে নিজের সব কাজ নিজে করতে চায়, ভালোভাবে পারুক বা না পারুক। আত্মবিশ্বাসের অভাব আছে তার। অপরিচিতকে এড়িয়ে চলতে চায়। সে বল খেলে না, তবে বল তার প্রিয় খেলনা। অনিন্দ্য খুবই পছন্দ করে গান গাইতে। অনেক কষ্ট করে মা-বাবা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়িয়েছেন তাকে।
অনিন্দ্যর বাবা অসীম কুমার দে বললেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ও গণশিক্ষা অধিদপ্তর অটিস্টিক শিক্ষার্থীদের পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করেছে। অনিন্দ্যর মতো শিক্ষার্থীরা পরীক্ষায় একটু বেশি সময় পায়। এ ছাড়া পরীক্ষা কক্ষে একজন সহায়তাকারী নিতে পারে। এভাবেই জেএসসি পাস করেছে সে।’ সরকারি এই কর্মকর্তা বললেন, ‘অটিস্টিক শিশুরা চাপ নিতে পারে না। তাই প্রচলিত স্কুলে ওকে দিতে চাই না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি করাব। তাতে চাপ অনেক কম।’
অনিন্দ্যর বয়স যখন আড়াই বছর, তখনই মা-বাবা বুঝেছিলেন একমাত্র ছেলের শারীরিক বা মানসিক কিছু সমস্যা আছে। পরে চার বছর বয়সে অটিজম শনাক্ত হয়।
দেশে অনিন্দ্যর মতো এ রকম অটিজমে আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের কিছু বেশি। শিক্ষা থেকে শুরু করে সামাজিকায়নে নানা রকম প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে তাদের।
এই বাস্তবতায় আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে দেশে। ২০০৮ সালে জাতিসংঘ ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঘোষণা করে। এ বছরের প্রতিপাদ্য ‘অটিজম লক্ষ্য ২০৩০: স্নায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান’।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)-এর প্রকল্প পরিচালক অধ্যাপক শাহীন আখতার প্রথম আলোকে বলেন, ‘অটিজম সম্পর্কে মানুষকে সচেতন করতে বর্তমান সরকার বড় ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনের বিশেষ আগ্রহ আছে বিভিন্ন প্রতিবন্ধী শিশুর ব্যাপারে।’
শাহীন আখতার বলেন, ২০১১ সালে সরকার অটিজম নিয়ে আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে। এ ছাড়া সরকার ১৫টি মন্ত্রণালয়ের সমন্বয়ে ন্যাশনাল স্টিয়ারিং কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি গঠন করেছে। এ বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নে একাধিক কমিটি করা হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও অটিজমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শাহীন আখতার জানিয়েছেন, অটিজমে আক্রান্তের সংখ্যা নিরূপণে দেশব্যাপী একটি বড় জরিপের কাজ শুরু হচ্ছে। সেই জরিপের ফলাফল হাতে পেলে দেশে অটিজম পরিস্থিতির বাস্তব চিত্র পাওয়া যাবে।
এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, অটিজম স্নায়বিক বিকাশজনিত একটি জটিল সমস্যা। এর সম্পূর্ণ নিরাময়যোগ্য কোনো চিকিৎসা নেই। তবে আগেভাগে শনাক্তকরণ ও ব্যবস্থা গ্রহণ, উপযোগী স্কুলশিক্ষা ও সঠিক স্বাস্থ্যসেবা দিলে সমস্যা অনেক কমে। আর অসীম কুমার দে বলেন, ‘আমার বিশ্বাস, অনিন্দ্যর আড়াই বছর বয়সে যদি অটিজম সম্পর্কে সঠিক ধারণা পেতাম, তবে পরিস্থিতি এখনকার চেয়ে নিশ্চয়ই আরও ভালো হতো।’
বিশেষজ্ঞরা বলছেন, শিশু ছয় মাস বয়সে স্বতঃস্ফূর্তভাবে না হাসলে, ১২ মাস বয়স পর্যন্ত মুখে কোনো শব্দ না করলে, ১৬ মাস বয়স পর্যন্ত কোনো শব্দ উচ্চারণ না করলে এবং ২৪ মাস বয়সের পরও দুটি শব্দের মিশ্রণে বাক্য উচ্চারণ না করলে কিছু সমস্যা আছে বলে ধরে নিতে হবে। তখনই শিশুকে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবাকেন্দ্র বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে। আজকের বিশ্ব অটিজম সচেতনতা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন ও দিনের কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।