ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা সবার কাছে গ্রহণযোগ্য ও সমন্বিত সম্প্রচার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার সকালে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা: আমাদের ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সামাজিক বিজ্ঞান ভবন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সঠিকভাবে তথ্য পাওয়ার স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়নের আগে পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করতে হবে।
আরেফিন সিদ্দিক এও বলেন, একবিংশ শতাব্দীতে নিষেধাজ্ঞা আরোপ করে কোনো কিছু প্রকাশ বন্ধ করা বা কোনো কিছু গোপন করা সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিতে হবে। তিনি একই সঙ্গে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতার প্রতি যত্নবান হতে আহ্বান জানান।
সেমিনারের মূল প্রবন্ধে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, গণমাধ্যমের বিকাশে নির্দেশনামূলক এবং সহায়তামূলক নীতিমালা প্রণয়ন করা উচিত, কোনো রকম নিয়ন্ত্রণ কিংবা নিবর্তনমূলক নয়। তিনি বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের সুষ্ঠু ধারা এবং পেশাদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, নীতিমালার ঢালাও সমালোচনা না করে এখন সমন্বিত স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের দাবি করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাখাওয়াত আলী খান, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভুইয়া প্রমুখ বক্তব্য দেন।