আগেই কাজ শেষ, তাই দরপত্র কিনতে বাধা কাউন্সিলরদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনজন ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে এক কোটি টাকার আটটি উন্নয়নকাজ নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার তাঁদের সমর্থকদের বাধার কারণে ঠিকাদারেরা ওই সব দরপত্রের শিডিউল কিনতে পারেননি। তবে কাউন্সিলররা দাবি করেন, বর্ষার কারণে আগেই কাজ করে ফেলা হয়েছে। তাই ঠিকাদারদের তাঁরা দরপত্র না কেনার অনুরোধ করেছেন।ঠিকাদারেরা অভিযোগ করেন, ওই তিনজন কাউন্সিলর হলেন দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, পশ্চিম বাকলিয়ার এ কে এম জাফরুল ইসলাম ও দক্ষিণ বাকলিয়ার মো. ইয়াছিন চৌধুরী। শিডিউল কিনতে বাধা দেওয়ায় ঠিকাদারদের সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের লোকজনের বাগিবতণ্ডা হয়। শিডিউল কিনতে যাওয়ায় কাউন্সিলররা ফোন করে তাঁদের হুমকি দেন।শফিউল ইসলাম, মো. ইসহাক, মো. সেলিম, লিটনের মতো সিটি করপোরেশনের নিয়মিত তালিকাভুক্ত বেশির ভাগ ঠিকাদারই শিডিউল কিনতে পারেননি। চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনে এখন ওয়ার্ড কাউন্সিলরাই ঠিকাদার বনে গেছেন। তাঁরা নিজেরাই কাজে নেমে পড়েছেন। জানা গেছে, গতকাল সিটি করপোরেশনে প্রায় পাঁচ কোটি টাকার উন্নয়ন কাজের শিডিউল বিক্রি হয়। এর মধ্যে তিনজন ওয়ার্ড কাউন্সিলর নিয়ন্ত্রণ করেন প্রায় এক কোটি টাকার কাজ। ঠিকাদারেরা কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদের বিরুদ্ধে চারটি কাজের শিডিউল বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ করেন। কাজগুলোর মধ্যে রয়েছে ১০ লাখ টাকার ঘাটফরহাদবেগ স্কুলের সীমানাপ্রাচীর নির্মাণ, ১০ লাখ টাকার হাকিম আলী রোডের সম্প্রসারণ, নয় লাখ টাকার কাজেম আলী রোডের সম্প্রসারণ ও ১৫ লাখ টাকার কাজেম আলী বাইলেন সম্প্রসারণ ও উন্নয়নকাজ। চৌধুরী হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বর্ষার কারণে তাড়াহুড়ো করে আগেই আমার এলাকায় কিছু কাজ আমরা করে ফেলেছি। সোমবার এসব কাজের শিডিউল বিক্রি শুরু হলে আমি তাঁদের বলেছি, কাজগুলো কিছু মানুষকে দিয়ে করা হয়েছে। প্রয়োজনে আপনারা সরেজমিনে দেখে আসেন।’জাফরুল ইসলামের পক্ষে তাঁর ওয়ার্ড কার্যালয়ের সচিব তারেক সুলতান এসে একটি কাজ নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ উঠেছে। সেটি হচ্ছে ১৫ লাখ টাকার চান মিয়া মুন্সি বাইলেন ও উজির আলী শাহ লেন উন্নয়নকাজ। ইয়াছিন চৌধুরীর ছেলে ও ভাগনে মিলে তিনটি কাজ নিয়ন্ত্রণ করেন। এগুলো হচ্ছে, ১০ লাখ টাকার ইউসেফ স্কুলের পাশে নালায় স্লাব নির্মাণ, ১০ লাখ টাকার হাফেজিয়া সড়কের কালভার্টসহ উন্নয়ন কাজ এবং ২০ লাখ টাকার মনছুর আলী রোড ও বাইলেনের রাস্তাসহ নালা উন্নয়ন।জাফরুল ইসলাম বলেন, ‘কাজের গুণাগুণ ঠিক রাখতে বর্ষা শুরুর আগেই আমি কাজটি করিয়ে নিয়েছি। আমি নিজেই একজন ঠিকাদার নিয়োগ দিয়েছিলাম। এলাকাবাসী তা জানে। আমার সচিব শিডিউল বিক্রিতে বাধা দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ইয়াছিন চৌধুরী বলেন, ‘কেউ আমার ছেলে কিংবা ভাগনে পরিচয় দিয়ে শিডিউল কিনতে গেলে আমার কী করার আছে। এসব তো দেখবে প্রশাসন। তবে আমি শুনেছি শেষ পর্যন্ত শিডিউল বিক্রি হয়েছে।’তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুর ই ইলাহী বলেন, ‘আমার কাছে কিছু লোক এসে বলেছিলেন, তাঁদের শিডিউল কিনতে দেওয়া হচ্ছে না।’ আগে কাজ হয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘তাহলে আমরা বিষয়টি জানলাম না কেন?’