দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই মতভিন্নতা আছে। কিন্তু মৌলভীবাজার পৌরসভার মনোনয়নপ্রত্যাশীরা আগেভাগেই বিভিন্ন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভোটারদের কাছে তাঁদের আগমন বার্তা পৌঁছে দিয়েছিলেন। এই সারিতে নতুনরাও যুক্ত হয়েছেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি সরব।
স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন উপলক্ষে কয়েক মাস আগে থেকেই মৌলভীবাজারবাসীকে শুভেচ্ছা জানিয়ে শহরে পোস্টার ও ব্যানার টাঙিয়েছেন অনেকে। মেয়র বা কাউন্সিলর হওয়ার ইচ্ছা প্রকাশ করে তাঁরা দোয়া ও সহযোগিতা চেয়েছেন। শহরের যেকোনো প্রধান সড়ক, পাড়া-মহল্লায় এমন ছোট-বড় ব্যানার-পোস্টার এখনো আছে।
সুশাসনের জন্য নাগরিক—সুজন মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জহরলাল দত্ত সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে মুখে নির্দলীয় বলা হলেও দলই প্রার্থী মনোনয়ন দেয়, পরিচালনা করে। সব নির্বাচনই দলীয় হওয়া দরকার। কিন্তু এই মুহূর্তে দলীয়ভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না।’
মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র ফয়জুল করিম, শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ছোট ভাই সৈয়দ নওশের আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমানসহ নয়জনের নাম শোনা গেছে।
দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচনের বিষয়ে বর্তমান পৌর মেয়র ফয়জুল করিম বলেন, ‘আমরা তো নির্দলীয়ভাবেই নির্বাচিত হয়েছি। চেয়ারে বসার পর কে বিএনপি কে আওয়ামী লীগ দেখি না। সবার দায়িত্ব কাজ করা। দলীয়ভাবে হলে যে দলের প্রার্থী জিতবে, পৌরসভা সেই দলের অফিস হয়ে যাবে।’
সম্ভাব্য প্রার্থী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তটি খুব ভালো হয়েছে। এতে তৃণমূলে দল সংগঠিত হবে। আমি দলের কাছে মনোনয়ন চাইব।’
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বলেন, ‘এটা একটা ভেজাল লাগানো হয়েছে। দলে একাধিক প্রার্থী থাকে। তাই দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে কোন্দল বাড়বে। এ ছাড়া দলের প্রার্থীদের ওপর মামলা-মোকদ্দমা আছে।’ এভাবে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবেই হওয়া উচিত। নির্দলীয় বলা হয়, কিন্তু সেটি আসলে থাকে না। দলীয়ভাবে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে।
জাতীয় পার্টির (জাপা) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ বলেন, ‘আমরা দলীয়ভাবে প্রার্থী দেওয়ার চেষ্টা করব। এতে প্রার্থীদের গতি বাড়বে।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় বর্তমানে ভোটারসংখ্যা ৩৮ হাজার ৫০১ জন।