আগেও ছিল, এখনো আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের শুভেচ্ছা জানাতে প্রিয়জনদের কার্ড দেওয়ার প্রচলন রয়েছে। বেইলি রোডের এক দোকান থেকে কার্ড কিনছেন দুই তরুণী ষ ছবি: ইউসুফ সা’দ
ঈদের শুভেচ্ছা জানাতে প্রিয়জনদের কার্ড দেওয়ার প্রচলন রয়েছে। বেইলি রোডের এক দোকান থেকে কার্ড কিনছেন দুই তরুণী ষ ছবি: ইউসুফ সা’দ

ঈদে সবার ব্যবসাই মোটামুটি ভালো। পোশাক-প্রসাধনী, জুতা-স্যান্ডেল সব দোকানেই এখন বেচাকেনায় জমজমাট পরিস্থিতি। শেষ মুহূর্তে এসে দরদাম করার অবকাশ নেই। পছন্দ হলেই প্যাকেট করা। ব্যতিক্রম ঈদকার্ডের দোকানে। একরকম হাত গুটিয়েই বসে আছেন বিক্রেতারা। দরজা ঠেলে কেউ যদি ভেতরে ঢোকেন, তবে একটু নড়েচড়ে বসেন বিক্রয়কর্মীরা। আগ্রহ নিয়ে এগিয়ে যান। থরে থরে সাজানো কার্ড থেকে একটি-দুটি হয়তো বাড়িয়ে দেন। কেউ কেনেন, কেউ দেখেশুনে আরেক দোকানে চলে যান। বড়ই মন্দা ঈদকার্ডের বেচাকেনায়।
কার্ডের মান খারাপ বা দাম বেশি, তা নয়। ইদানীং ছাপার মান ও কাগজ আরও উন্নত, নকশাতেও এসেছে নান্দনিক বৈচিত্র্য। কোনো কোনো কার্ড খুললেই ভেতর থেকে ফুটে ওঠে সুদৃশ্য ফুলের গুচ্ছ, কোনো কার্ডে আছে গানের সুর। মেললেই টুংটাং করে বেজে ওঠে, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’। তা সত্ত্বেও ক্রেতাদের তেমন আগ্রহ নেই। এর চেয়ে সহজ হাতের মুঠোফোনের বোতাম চেপে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পাঠানো। প্রযুক্তির এই নতুন সুবিধাই ধস নামিয়েছে বহু বছরের ঈদকার্ডের ব্যবসায়।
পুরানা পল্টনে দেশের বিভিন্ন কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনেক বিক্রয়কেন্দ্র। গতকাল রোববার দেখা গেল ভেতরে অজস্র কার্ডের সমারোহ, কিন্তু ক্রেতার উপস্থিতি প্রায় শূন্য। আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপক মোহাম্মদ মীর জানালেন, প্রায় ১৫০ রকমের ঈদকার্ড আছে তাঁদের অথচ প্রতিদিন ৫০টি কার্ডও বিক্রি হয় না। একই অভিজ্ঞতার কথা জানালেন পাশেই আইডিয়াল প্রোডাক্টসের নজরুল ইসলাম খান। তাঁদের কাছে হাতে তৈরি কার্ডও আছে। ঈদকার্ডের দাম গড়পড়তা পাঁচ টাকা থেকে এক শ টাকার মধ্যে। ব্যক্তিগত পর্যায়ের ক্রেতা কমলেও প্রাতিষ্ঠানিক ক্রেতা কিছু বেড়েছে বলে তাঁরা জানালেন। বিভিন্ন প্রতিষ্ঠান ঈদের শুভেচ্ছা জানানোর জন্য তাঁদের কাছ থেকে কার্ড ছাপিয়ে নেয়। এভাবেই বিক্রির ঘাটতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে আর্চিস ও হলমার্কেও খুবই সুন্দর ঈদের কার্ড আছে। কর্ণফুলী গার্ডেন সিটির আর্চিসের শাখা ব্যবস্থাপক রফিক উল্লাহ জানালেন, প্রায় ৭০ ভাগ কমে গেছে ঈদকার্ডের বিক্রি। তাদের কার্ডের দাম ২০ থেকে এক হাজার ৭০০ টাকা। সেলফোন, ই-মেইল, ফেসবুকেই এখন লোকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জানালেন, প্রবাসী আত্মীয়স্বজনদের কাছে পাঠানোর জন্যই লোকে এখন ঈদকার্ড কেনেন। দেশের মধ্যে প্রিয়জনদের কাছে কার্ড পাঠানোর চল প্রায় উঠেই গেছে।
হলমার্কে ঈদের কার্ড কিনতে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী সাব্বির আহমেদ বললেন, কার্ড কিনে ডাকঘরে গিয়ে পোস্ট করা অনেক ঝামেলার ব্যাপার। তার চেয়ে এসএমএস বা ই-মেইলে শুভেচ্ছা জানানো অনেক সহজ। খরচও সামান্য। এটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। তবে কার্ডের যে আলাদা একটি আবেদন আছে, এর সঙ্গে জড়িয়ে আছে অন্য রকম এক আন্তরিক অনুভূতির ছোঁয়া, সে তো আর অস্বীকার করার উপায় নেই। তাই বিশেষ একজনকে ঈদের শুভেচ্ছা জানাতেই তিনি কার্ড কিনতে এসেছেন বলে জানালেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, দেশে এখন মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১০ কোটির ওপরে। ইন্টারনেট সেবা গ্রহণকারী ছাড়িয়েছে সাড়ে তিন কোটি। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির সিআরএল বিভাগের নির্বাহী উপ-অধিকর্তা মাহমুদুর রহমান জানালেন, তাঁদের গ্রাহক দুই কোটি ২৮ লাখ। এই গ্রাহকদের মধ্যে গত ঈদুল ফিতরের দিনে শুভেচ্ছা জানিয়ে এসএমএস করেছেন ১৬ লাখ মানুষ, ঈদের আগের দিন ১২ লাখ। প্রতিবছরই এই সংখ্যা বাড়ছে।
এসএমএসের দুই লাইনে কিংবা ফেসবুকের পোস্টে সামাজিকতা রক্ষার দায় মেটে। তবে প্রিয়জনের স্পর্শ লেগে থাকা, তার দস্তখতযুক্ত একটি সুদৃশ্য কার্ড তো কেবল লৌকিকতার নিয়ম রক্ষার নিমিত্তেই নয়, মানুষটিকে অনেকখানি ধরাছোঁয়ার মধ্যে পাওয়াও। সময় যাবে, বয়স বাড়বে প্রেরক-প্রাপক উভয়েরই। যত্ন করে রেখে দিলে কার্ডটি থেকে যাবে এক সুন্দর স্মৃতিচিহ্ন হয়ে; তখন তার পরিমাপ করা যাবে না মূল্য দিয়ে।