আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যাঁরা বলছেন ভোটার নয়, পুলিশ ভোট দেবে, তাঁরা অযৌক্তিক বক্তব্য দিচ্ছেন। আগেও নিরপেক্ষ ভোট হয়েছে, ভবিষ্যতেও সুষ্ঠু নির্বাচন হবে। কোনো রকম সংঘাত হবে না। ভবিষ্যতে সুন্দর ভোট হবে।’
গতকাল শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, এমনকি সেনাবাহিনীও নামাতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের মানুষ ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়। আমরা জঙ্গি নই, জঙ্গিদের পছন্দও করি না। আমেরিকার চেয়ে আমাদের দেশের মানুষের নিরাপত্তা বেশি। এ সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি দেশি-বিদেশি চক্র উঠেপড়ে লেগেছে।’
ফেসবুক কবে খুলে দেওয়া হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দ্রুত ফেসবুক খোলার জন্য আমরা চিন্তাভাবনা করছি।’
ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, বরিশাল বিভাগের ডিআইজি হুমায়ুন কবীর, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান প্রমুখ।