আগেভাগে শনাক্ত হলে জটিলতা এড়ানো সম্ভব
হেপাটাইটিস অনেক কারণেই হয়ে থাকে। স্বল্পকালীন হেপাটাইটিস (বেশির ভাগ ক্ষেত্রেই হেপাটাইটিস এ, বি, সি, ডি কিংবা ই ভাইরাসের সংক্রমণে হয়) সাধারণত কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই ভালো হয়ে যায়। কিন্তু দীর্ঘমেয়াদি হেপাটাইটিস (হেপাটাইটিস বি কিংবা সি ভাইরাসের সংক্রমণে হয়) থেকে লিভার সিরোসিস ও ক্যানসার হতে পারে। ফ্যাটি-লিভার, উইলসনস ডিজিজসহ আরও কিছু কারণে দীর্ঘমেয়াদি হেপাটাইটিস হতে পারে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হেপাটাইটিস ভাইরাসের বিভিন্ন ধরনের সংক্রমণ কম নয়। বিভিন্ন গবেষণার তথ্যমতে, এ দেশে হেপাটাইটিস বি এবং সি লিভারের সিরোসিস ও ক্যানসারের অন্যতম কারণ। এ ভাইরাস দুটি সাধারণত রক্ত, রক্তরস, অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রপাতি, ইঞ্জেকশনের সিরিঞ্জ বা সুচ, যৌনমিলন, একই ক্ষুর বা ব্লেড ব্যবহারের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনে ছড়ায়। গর্ভবতী মায়ের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে সন্তানের শরীরেও তা সংক্রমিত হতে পারে। কাজেই হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতার কোনোবিকল্প নেই।
নিরাময় ও চিকিৎসা
হেপাটাইটিস বি ও সি—উভয়ের ক্ষেত্রেই সংক্রমণের পর লিভার সিরোসিস কিংবা ক্যানসার হতে অনেক সময় লাগে। কাজেই আগেভাগে সংক্রমণ শনাক্ত হলে এসব জটিলতা এড়ানো সম্ভব। সে ক্ষেত্রে উপসর্গ না থাকলেও পরীক্ষা করে শরীরে হেপাটাইটিস ভাইরাসের উপস্থিতি আছে কি না, তা নির্ণয়ের চেষ্টা করতে হবে। ভাইরাস পাওয়া গেলে, বিশেষ করে হেপাটাইটিস বি কিংবা সি শনাক্ত হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে।
হেপাটাইটিস বি প্রতিরোধে কার্যকর টিকা আছে। এর তিনটি ডোজ সঠিকভাবে নিলে এই ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকা সম্ভব। এই টিকা জন্মের সময় থেকে যেকোনো বয়সেই নেওয়া যায়। তবে নেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে শরীরে কখনো হেপাটাইটিস বি-এর সংক্রমণ হয়েছিল কি না।
হেপাটাইটিস এ–এরও কার্যকরী টিকা আছে। ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে এই টিকার দুটি ডোজ নিলে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সম্ভব।
দীর্ঘমেয়াদি হেপাটাইটিস প্রতিরোধ করতে রক্ত বা রক্তের যেকোনো উপাদান সংবহনের আগে তাতে ভাইরাস আছে কি না, পরীক্ষা করে নিতে হবে। অস্ত্রোপচারের যন্ত্রপাতি, রোগনির্ণায়ক ও চিকিৎসার সব যন্ত্রপাতি ব্যবহারের আগে জীবাণুমুক্ত করতে হবে। ইনজেকশনের জন্য একবার ব্যবহার করা হয়, এমন সুচ ও সিরিঞ্জ ব্যবহার করতে হবে। অনিরাপদ যৌনমিলন এড়াতে হবে এবং যতটা সম্ভব অনিরাপদ সেলুন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। বাড়িতেও একই উপকরণ দিয়ে একাধিক ব্যক্তির চুল–দাড়ি কাটা উচিত নয়। এসব ব্যবস্থা অবলম্বন করে হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ কমানো সম্ভব।
সন্তান জন্মের সময়ে প্রত্যেক অন্তঃসত্ত্বা নারীকেই পরীক্ষা করতে হবে। হেপাটাইটিস বি পাওয়া গেলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। এ ক্ষেত্রে জন্মের সময়ই নবজাতককে হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ এবং একই দিনে অন্য হাত বা পায়ের মাংসপেশিতে হেপাটাইটিস বি–এর অ্যান্টিবডি ইনজেকশন দিতে হবে। পরীক্ষায় হেপাটাইটিস বি না পাওয়া গেলে অন্তঃসত্ত্বা নারীকে নির্ধারিত সময়ে এই ভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা দিতে হবে।
অধ্যাপক ডা. এ এইচ এম রওশন
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক ডিজঅর্ডারস বিভাগ বারডেম, ঢাকা