উভয় পক্ষের চলমান অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবারও নিজস্ব অবস্থানে অনড় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাধারণ শিক্ষক ফোরাম।
উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ফোরাম। আর ফোরামের এমন কর্মসূচির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে পাল্টা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন উপাচার্য আনোয়ার হোসেন।
শিক্ষক ফোরামের অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাত ১০টা থেকে নিজ বাসভবনের সামনে অবস্থান করছেন উপাচার্য। আজও বাসভবনে প্রবেশ করেননি তিনি। অবস্থান কর্মসূচি চালিয়ে গেলেও লাগাতারভাবে অবস্থান করছেন না উপাচার্য। খাওয়া-দাওয়া এবং অন্যান্য দৈনন্দিন কাজের জন্য তিনি পাশের সহ-উপাচার্যের বাসায় যাচ্ছেন।
আজ বিকেলে উপাচার্য প্রথম আলো ডটকমকে বলেন, শিক্ষকেরা না সরা পর্যন্ত তিনি বাসভবনে ঢুকবেন না। তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে সংসদে এটা নিয়ে আলোচনা হোক। আর বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের অপব্যবহার করছেন শিক্ষকেরা। স্বায়ত্তশাসনের ভেতরে শিক্ষকদের জবাবদিহির ব্যবস্থা করা হোক।’
গতকাল বুধবার সারা রাত এবং আজ দিনব্যাপী শিক্ষক ফোরামের সদস্যরা পর্যায়ক্রমে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। এ সময় তাঁরা টেলিভিশনে অনুষ্ঠান দেখে সময় কাটান।
বিকেল পাঁচটার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ফোরামের সদস্যসচিব মোহাম্মদ কামরুল আহসান সাংবাদিকদের জানান, ফোরাম তার সিদ্ধান্তে অনড় রয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা এখানে অবস্থান করবেন। তিনি আরও জানান, কোনো ধরনের বাধা না থাকা সত্ত্বেও তিন দিন ধরে উপাচার্য এবং দুই সহ-উপাচার্য অফিস করছেন না।
তবে সহ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ বলেন, ‘চার দিন ধরে তারা (আন্দোলনকারী শিক্ষকেরা) প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারকে অবরোধ করে রেখেছে। তাদের সৃষ্ট সংকটের কারণেই অফিসে যাওয়া সম্ভব হচ্ছে না। তাঁরাও তো ক্লাসে না গিয়ে এখানে বসে আছে।’
চতুর্থ দিনের মতো আজও অবরুদ্ধ ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান। তিনজন ডিন নিয়োগ বাতিলের দাবিতে গত সোমবার থেকে তাঁদের অবরুদ্ধ করে রেখেছে শিক্ষক ফোরাম। এ বিষয়ে উপাচার্য হস্তক্ষেপ না করা পর্যন্ত তাঁদের অবরুদ্ধ করে রাখা হবে বলে জানায় ফোরাম।
এদিকে রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার দাবিতে আজ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। তাঁদের মুক্ত না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে সমিতি।
স্বাভাবিক ক্লাস-পরীক্ষা বন্ধ
অবস্থান কর্মসূচির পাশাপাশি উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের সর্বাত্মক কর্মবিরতি চলছে এক সপ্তাহ ধরে। গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করে ফোরাম। কর্মবিরতির কারণে আজও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে স্বাভাবিক ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিভাগগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিভাগে দু-একটি ক্লাস হয়েছে।