আগের আদেশ থেকে সরে গেলেন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রাবিউল হাসান। গতকাল সোমবার শুনানির পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে পুলিশ কর্মকর্তা বশির আলী হত্যা মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আসামিদের খালাসের আদেশ দেন তিনি।আদালত সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নাকচ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে মামলা চালানোর আদেশ দিয়েছিলেন বিচারক রাবিউল। ওই দিন তিনি সুপ্রিম কোর্টের আদেশকে মূল ভিত্তি হিসেবে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মাত্র ১১ দিনের ব্যবধানে আগের দেওয়া আদেশ থেকে সরে গেলেন তিনি। গতকাল শুনানির পর বিচারক রাবিউলের আদেশে বলা হয়, ‘বাতিলের দরখাস্ত ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে রাজনৈতিক উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা প্রতীয়মান হয়েছে। তাই চলতি বছরের ২০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তের উল্লেখ করে মহানগর ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলির (পিপি) করা আবেদন গ্রহণ করে সব আসামিকে এই মামলা থেকে খালাস দেওয়া হলো।’ বিচারকের আদেশের আগে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আইয়ুব খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে মামলাটি বাতিলের আবেদন করেন। পিপি আইয়ুব প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমি আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করি। বিচারক আমার আবেদন গ্রহণ করে তা প্রত্যাহারের আদেশ দেন।’ এক প্রশ্নের জবাবে পিপি বলেন, ‘২২ সেপ্টেম্বর আমি আদালতকে হয়তো বোঝাতে পারিনি। তাই ওই দিন বিচারক মামলাটি চালানোর আদেশ দেন।’গত ২২ সেপ্টেম্বর বিচারক রাবিউল বলেছিলেন, ‘আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও সুপ্রিম কোর্টের আদেশ পড়েছি। এ ক্ষেত্রে কোনটি আমি নেব?’ জবাবে কৌঁসুলিরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মানার আবেদন জানান। বিচারক ওই সময় সাবেক প্রধান বিচারপতি সাহাবউদ্দিনসহ দুজন বিচারপতির উদ্ধৃতি আদালতে পড়ে শোনান। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নাকচ করে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে মামলাটি নিষ্পত্তির আদেশ দেন।সাড়ে চার মাস আগে গত ২০ মে এই মামলাটি প্রত্যাহারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০০৭ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পুলিশ কর্মকর্তা বশির আলী হত্যা মামলাসহ দেশের চাঞ্চল্যকর ১১৩টি মামলা দ্রুত নিষ্পত্তির রায় দেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। আদালত সূত্র জানায়, ১৪ বছর আগে ১৯৯৬ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির সরকারবিরোধী আন্দোলন চলাকালে পাঁচলাইশ অঞ্চলের তৎকালীন সহকারী কমিশনার (এসি) বশির আলী এমইএস কলেজের কাছে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে নিহত হন। এ ঘটনায় কলেজের তৎকালীন ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ফরিদউদ্দিন আহমেদ চৌধুরীসহ ৪৯ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা হয়। আদালত সূত্র জানায়, বশির হত্যা মামলায় ৪৫ জনের মধ্যে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে ১৯৯৬ সালের ১৩ নভেম্বর ৪৯ জনকে আসমি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলার বিচার কার্যক্রম স্থগিত রাখতে ২০০৩ সালে প্রধান আসামি ফরিদ হাইকোর্টে আবেদন করেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেলের আপত্তির কারণে আবেদনটি আপিল বিভাগে পাঠানো হয়। একই ধরনের আরও ১১২টি মামলার শুনানি শেষে ২০০৭ সালের ৪, ৫ ও ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আসামিদের আপিল আবেদন খারিজ করেন। একই সঙ্গে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতগুলোকে নির্দেশ দেন।