আগের ইসির প্রস্তাব ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের দেওয়া নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাবের বিষয়ে বর্তমান কমিশনের মতামত চেয়েছে আইন মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয় ওই সংস্কার প্রস্তাবের নথি নির্বাচন কমিশনে (ইসি) ফেরত পাঠিয়েছে। কমিশনও সেগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।ওই সংস্কার প্রস্তাবে ভোটার তালিকা আইনও রয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, প্রস্তাব পর্যালোচনা করে আবার মন্ত্রণালয়ে পাঠাতে সময় লাগবে। কিন্তু ভোটার তালিকা-সংক্রান্ত আইন সংশোধনে বিলম্ব হলে চলমান ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আইনগতভাবে প্রশ্ন উঠতে পারে।এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব শহিদুল হকের দপ্তরে একাধিকবার টেলিফোন করেও তাঁকে পাওয়া যায়নি। অপর প্রান্ত থেকে জানানো হয়েছে, তিনি মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত আছেন।নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, আইন পাস করবে জাতীয় সংসদ। আইন পাস হওয়ার পরই বিধিমালা তৈরির প্রশ্ন আসে। কিন্তু আগের কমিশনের সংস্কার প্রস্তাবে আইন ও বিধিমালা একসঙ্গে পাঠানো হয়েছে। সে জন্যই মন্ত্রণালয় নথিটি ফেরত পাঠিয়েছে। তাই কমিশন আপাতত বিধিমালাগুলো বাদ দিয়ে শুধু আইনগুলো নিয়ে পর্যালোচনা করে তা আবার মন্ত্রণালয়ে পাঠাবে।কমিশন সূত্র জানায়, মন্ত্রণালয় মার্চের প্রথম সপ্তাহে সংস্কার প্রস্তাবের নথি ফেরত পাঠায়। এরপর কমিশন প্রস্তাবগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন গত ২৫ এপ্রিল কমিশনের বৈঠকে আলোচনার জন্য উপস্থাপন করা হয়। তবে আলোচনা হয়নি। পর্যালোচনায় আগের কমিশনের প্রস্তাবিত আইনের কিছু অংশ বাদ যেতে পারে এবং নতুন কিছু যোগ হতে পারে।সাবেক সিইসি শামসুল হুদা এবং দুই কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন ফেব্রুয়ারিতে অবসরে যাওয়ার আগে এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ভোটার তালিকা আইন ও বিধিমালা, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আইন ও বিধিমালা এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন ও বিধিমালায় কিছু সংশোধনের কথা বলা হয়েছে। সিইসি ও কমিশনার নিয়োগের জন্য আইন করার প্রস্তাবও এতে করা হয়েছে। কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর এই প্রস্তাব চূড়ান্ত করেছিল। তবে ওই সংলাপে প্রধান বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল অংশ নেয়নি। আওয়ামী লীগ সংলাপে অংশ নিলেও মতামত দেয়নি। দলটি দ্বিতীয় দফা সংলাপে বসে মতামত দেবে বলে জানালেও শেষ পর্যন্ত যায়নি।এ বিষয়ে জানতে চাইলে সাবেক সিইসি শামসুল হুদা বলেন, ‘প্রস্তাব ফেরত দিলেও এতে সমস্যার কিছু নেই। নতুন কমিশন এ বিষয়ে মতামত দিতেই পারে। তবে আমাদের প্রস্তাবের সঙ্গে দ্বিমত করার কিছু নেই। কারণ কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে প্রস্তাবটি তৈরি করেছে।’কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ভোটার তালিকা আইন সংশোধনে বিলম্ব হলে ভোটার তালিকা হালনাগাদের খসড়া যথাসময়ে তৈরি করা সম্ভব হবে না। বিষয়টি একই সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশনসহ মেয়াদোত্তীর্ণ অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচনকে ব্যাহত করতে পারে।পূর্ব পরিকল্পনা অনুযায়ী কমিশন ১০ মার্চ থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ করা শুরু করেছে। এতে ২০১৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁদের ভোটার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যমান আইনে যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, কেবল তাঁদেরই ভোটার করার সুযোগ আছে। তাই এ আইন দ্রুত সংশোধন করা না হলে বর্তমান হালনাগাদ নিয়ে আইনগত প্রশ্ন ওঠার আশঙ্কা থাকছে। এ ছাড়া বিদ্যমান আইনে প্রতিবছরের জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদ করার কথা বলা থাকলেও তা কখনো সম্ভব হয়নি। তাই আগের কমিশন বছরের সুবিধামতো সময়ে ভোটার তালিকা হালনাগাদ করার প্রস্তাব করেছিল। এসব কারণে আগের কমিশন চেয়েছিল আইনটি দ্রুত সংশোধন হোক।