আগের কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি যাতে কার্যক্রম চালাতে না পারে, তার ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নতুন কমিটিকে সাবেক ব্যবস্থাপনা কমিটির কাছে সব দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে।গতকাল সোমবার ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মুজাহিদুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। গত বুধবার প্রেস- ক্লাবের নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাইফুল আলম ১৩ জনকে বিবাদী করে এই মামলা করেন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ ও সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আবদাল আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তরে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়। পর দিন বিবাদীপক্ষ আদালতে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গতকাল অধিকতর শুনানির জন্য তারিখ ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী মো. শাহবুদ্দিন আদালতকে বলেন, গত ১৩ ডিসেম্বর যে ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন হয়েছে, তাতে অনেক ভোটারই বেঁচে নেই। অনেকেই আছেন যাঁরা সাংবাদিক নন। ভোটার তালিকায় কেউ কেউ আছেন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং কেউ কেউ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাগারে। এসব বিষয়ে আপত্তি দেওয়ার পরও নির্বাচন কমিশনার নির্বাচন সম্পন্ন করেন। আইনজীবীরা আরও বলেন, বাদীপক্ষের নির্বাচনী এজেন্টরা ভোট গণনার কাজ স্থগিত করার কথা বললেও তাঁরা (বিবাদীরা) তা উপেক্ষা করেন। এসব কারণে নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য আবেদন করা হয়েছে। বিবাদীপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। বাদীপক্ষ নির্বাচনে অংশ নিয়েছে এবং ভোট গণনার শেষ পর্যায়ে পরাজয় নিশ্চিত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তাই ৩১ ডিসেম্বরের প্রেসক্লাবের নির্বাচনকে অবৈধ বলার সুযোগ নেই।