আগের কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর আদেশ স্থগিতের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটির ওপর স্থগিতাদেশ এবং আগের কমিটির কাছে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আদেশ স্থগিতের আবেদন (রিভিশন) করা হয়েছে।গতকাল বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে আবেদনটি করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামালউদ্দিনসহ বিবাদী পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া।সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর হোসেন না থাকায় গতকাল এ বিষয়ে কোনো শুনানি হয়নি।এর আগে গতকাল মঙ্গলবার একই বিষয়ে স্থগিতাদেশ চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে আবেদন করা হয়েছিল। ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিরিন নাহার শুনানির দিন ধার্য করেছেন কাল বৃহস্পতিবার।গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত প্রেসক্লাবের নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ৫ জানুয়ারি ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাইফুল আলম। মামলায় ১৩ জনকে বিবাদী করা হয়।শুনানি শেষে আদালত গত সোমবার জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি যাতে কার্যক্রম চালাতে না পারে, তার ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে নতুন কমিটিকে সাবেক ব্যবস্থাপনা কমিটির কাছে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।