আগের কাজই শেষ হয়নি বরাদ্দ আরও পাঁচ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে নতুন করে আরও পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও ঠিকাদারেরা এই টাকা ভাগ-বাটোয়ারা করে আত্মসাতের জন্যই অসময়ে এই উদ্যোগ নিয়েছেন।হাওরবাসী রক্ষা নাগরিক উদ্যোগের আহ্বায়ক নির্মল ভট্টাচার্য বলেন, ‘সুনামগঞ্জে সাধারণত এপ্রিলে অকাল বন্যা হয়। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৮ কোটি টাকার বাঁধ নির্মাণকাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি। এখন আবার নতুন করে কাজের উদ্যোগ নেওয়া মানে বাস্তবে এ কাজ হবে না। সেটা হবে কাগজেপত্রে। পাউবো কর্মকর্তা ও ঠিকাদারেরা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার জন্যই এ পদক্ষেপ নিয়েছেন।’সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, জেলার ৩৭টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ১৫ ডিসেম্বর থেকে কাজ করছে স্থানীয়ভাবে গঠিত ২৬০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)। এসব কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন। এতে বরাদ্দ আছে ১৮ কোটি টাকা। এই কাজ এখনো শেষ হয়নি। এদিকে গত ১২ ফেব্রুয়ারি নতুন করে ১৯টি গুচ্ছে চার কোটি ৭৫ লাখ টাকার বাঁধ নির্মাণকাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। প্রতিটি কাজে ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা। ঠিকাদার নিয়োগ হলেও এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। জানা গেছে, কার্যাদেশ পাওয়ার আগেই কোনো কোনো ঠিকাদার তিন-চার দিন ধরে বাঁধে কিছু কিছু মাটি ফেলার কাজ করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপক দাসের স্থানীয় প্রতিনিধি রমা দাস বলেন, ‘আমরা একটি কাজ পেয়েছি। কিন্তু এখন কার্যাদেশ হলেও কাজ করা যাবে না। বাস্তবতা হলো, যেসব ঠিকাদারের সঙ্গে পাউবো কর্মকর্তাদের যোগাযোগ রয়েছে, তাঁরাই সামান্য কাজ করে একসময় পুরো বিল তুলে নেবেন।’ ঠিকাদার খালেদ হাসান ও দেবাশীষ দাস জানান, অসময়ে কাজের সুবিধা হলো, কাজ শুরুর পর হাওরে পানি চলে এলে একসময় পুরো কাজ হয়েছে বলে দেখানো যায়। অবশ্য এ জন্য পাউবো কর্মকর্তাদের ভাগ দিতে হয় বেশি। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হাই জানান, আগামী সপ্তাহে নতুন কাজের কার্যাদেশ দেওয়া হবে। কার্যাদেশ দেওয়ার পর যেটুকু কাজ হবে, শুধু সেই কাজের বিল দেওয়া হবে। কার্যাদেশ ছাড়াই কোনো কোনো বাঁধে মাটি ফেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ কার্যাদেশ ছাড়া বাঁধে মাটি ফেললে আমি কী করব? কে কোথায় কাজ করছে, জানি না। আমি কোনো ভাগ-বাটোয়ারায় নেই।’