‘দেড় শ কিলোমিটার রাস্তার ভাড়া ১২ কিলোমিটার পথে দিতে হলো। এ এক তাজ্জব দেশ।’ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে সিএনজিচালিত অটোরিকশার গলাকাটা ভাড়ার খপ্পরে পড়ে এভাবেই অসহায়ত্ব প্রকাশ করলেন ফেনীর আমজাদ হোসেন। ফেনী থেকে ঢাকার দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। ২৮০ টাকা ভাড়ায় বাসে এ পথ মাড়িয়ে গতকাল শনিবার বিকেলে কমলাপুর টিটিপাড়া নামেন আমজাদ হোসেন। যাবেন মিরপুরের শেওড়াপাড়া। সব অটোরিকশাচালকের একদর, ভাড়া ৩০০ টাকা। বাধ্য হয়ে এ ভাড়াতেই বাসায় ফিরতে হয়েছে তাঁকে।যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেওড়াপাড়া থেকে কমলাপুরে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত ওঠে।সাপ্তাহিক ছুটির শেষ দিন ছিল গতকাল শনিবার। আজ রোববার থেকে সরকারি অফিস-আদালত খুলবে। তাই ঈদে গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে গতকাল রাত পর্যন্ত দলে দলে মানুষজন ঢাকায় ফিরেছে। তাই রাজধানীর সব প্রবেশপথে ছিল ঘরে ফেরা মানুষের ভিড়। তবে সরেজমিনে ঘুরে দেখা যায়, বাস, লঞ্চ ও রেলে চড়ে যাত্রীরা ঢাকায় নেমেই নগর পরিবহনের জাঁতাকলে পড়ে ফেনীর আমজাদ হোসেনের মতো। সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের সংখ্যা কম থাকায় চালকেরা ভাড়া আদায় করেন ইচ্ছামতো।পুবের যাত্রীদের দুর্ভোগ: ঈদের আগে যাত্রাবাড়ীর ফাঁড়া কোনোমতে কাটা গেলেও ঈদের পর তা গুরুতর আকার ধারণ করেছে। এ পথে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটসহ দেশের পূর্বাঞ্চলীয় এলাকার যানবাহন চলাচল করে। যাত্রী ও পরিবহনের চালকেরা জানান, শুক্রবার বিকেল থেকেই সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত রাস্তায় দীর্ঘ যানজট ছিল।তবে মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে গিয়ে খুব ভিড় দেখা যায়নি। ঢাকা-টাঙ্গাইল সড়কে দিনভর দীর্ঘ যানজট লেগে থাকায় এর প্রভাব পড়েছে এই সড়কে। ফলে বিকেল তিনটা পর্যন্ত মহাখালী টার্মিনাল এলাকায় এ সড়কের যানবাহনগুলোকে খুব একটা দেখা যায়নি।ট্রেন যাত্রীতে ঠাসা: গত দুই দিন ধরেই ঢাকামুখী রেলের সব ট্রেনেই যাত্রীদের ভিড় আছে। গতকাল এ ভিড় ছিল আরও বেশি। অনেকে টিকিট না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে চড়ে ঢাকায় ফিরেছে। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকায় আসা জামালপুর কমিউটার ট্রেন, তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, সিলেট রেলপথের জয়ন্তিকা এক্সপ্রেস ও চট্টগ্রামের মহানগর প্রভাতী— এসব ট্রেন যাত্রীতে ঠাসা ছিল।লঞ্চযাত্রীদের চরম দুর্ভোগ: গতকাল রাজধানীতে বিপুলসংখ্যক মানুষ এসেছে নৌপথে ঢাকা নদীবন্দর দিয়ে। তবে নদীপথে আসা দক্ষিণাঞ্চলের মানুষ সদরঘাটে এসেই পরিবহন সংকটে পড়েছে। আর পরিবহনস্বল্পতার সুযোগ নিয়ে চালকেরা চড়া ভাড়া আদায় করছেন। ঢাকা নদীবন্দর সূত্র জানায়, গতকাল ভোর ছয়টা থেকে দক্ষিণাঞ্চলের ৩৭টি নৌপথের ৬৪টি ছোটবড় লঞ্চ সদরঘাট বন্দরে ভিড়েছে। এ ছাড়া সকালে বিআইডব্লিউটিসির রকেট সার্ভিস অস্ট্রিচও বন্দরে আসে। সব কটি নৌ-পরিবহনেই উপচে পড়া যাত্রী ছিল।আলাপকালে নৌপথের কয়েকজন যাত্রী অন্তত ঈদ মৌসুমে সদরঘাট থেকে বিআরটিসির বাস চালুর দাবি জানান।ঢাকা নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল হক প্রথম আলোকে বলেন, ঢাকা নদীবন্দর হয়ে আসা যাত্রীরা যাতে নির্বিঘ্নে বন্দর ত্যাগ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।